নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৪ সালের জুন মাসে দেশজুড়ে ‘নমামি গঙ্গে’ প্রকল্প শুরু হলেও এই প্রকল্পে বাংলার জন্য অর্থ বরাদ্দ শুরু হয় ২০১৮ সালে। অর্থাৎ, শুরুতেই বঞ্চনার খাতায় ঢুকে গিয়েছিল বাংলা। অভিযোগ, অন্যান্য রাজ্যের থেকে বাংলাকে পিছিয়ে রাখতে পরিকল্পিতভাবেই এই বিলম্ব করা হয়েছিল। আগামী ৩০ সেপ্টেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে । ফলে শেষ লগ্নে এসে বাংলার ন্যায্য প্রাপ্য প্রায় ৫০০ কোটি টাকার উপর কেন্দ্রের কোপ পড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। কেন এই আশঙ্কা? মঙ্গলবার বিধানসভায় পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘নমামি গঙ্গে’ প্রকল্পের অধীনে বাংলাকে ১২৯৩.৪৪ কোটি টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে ৮১৭ কোটি টাকা দিয়েছে তারা, যা প্রকল্পের মোট অর্থের এক তৃতীয়াংশ। প্রকল্পের মেয়াদ ফুরোতে আর মাত্র তিন মাস বাকি। এত অল্প সময়ের মধ্যে বাকি ৪৭৫ কোটি টাকা কেন্দ্রের থেকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই তিন মাসের মধ্যে টাকা পাওয়া না গেলে পরবর্তীতে তা পাওয়ার আশা একেবারেই ক্ষীণ। কারণ, বহু প্রকল্পের ক্ষেত্রে মেয়াদ শেষের পর কেন্দ্রের তরফে বকেয়া না মেটানোর অভিজ্ঞতা রয়েছে রাজ্যের।



