Bartaman Logo
৯ জুন, ২০২৬

লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই, ব্যাহত বিমান পরিষেবাও, উদ্ধারকাজে সেনা

কোথাও হাঁটু জল, কোথাও বা কোমর সমান। লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই। সোমবারও সকাল থেকে দফায় দফায় প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী। মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় ব্যাহত হয় যান চলাচল।

লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই, ব্যাহত বিমান পরিষেবাও, উদ্ধারকাজে সেনা
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কোথাও হাঁটু জল, কোথাও বা কোমর সমান। লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই। সোমবারও সকাল থেকে দফায় দফায় প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী। মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় ব্যাহত হয় যান চলাচল। বেশ কিছুটা দেরিতে চলছে লোকাল ট্রেনও। এদিন দুপুর ১২টার পর স্কুল, কলেজ ছুটির ঘোষণা করে বৃহন্মুম্বই পুরসভা। মহারাষ্ট্রে বিভিন্ন জেলাতেও দুর্ভোগের ছবি সামনে এসেছে। বাঁধের জল ছাড়ায় নানদেদ জেলায় জলবন্দি হয়ে পড়ে প্রায় ২০০ স্থানীয় বাসিন্দা। তাঁদের উদ্ধারের জন্য সেনা নামানো হয়। প্রতিকূল আবহাওয়ায় প্রভাব পড়ে বিমান চলাচলেও। দৃশ্যমানতার সমস্যায় ৯টি বিমান অবতরণ করতে পারেনি মুম্বই বিমানবন্দরে। একটি উড়ানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে।  যাত্রীদের বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলি। এরইমধ্যে চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।  মঙ্গলবার পর্যন্ত মুম্বই, থানে ও রায়গড় জেলায় অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এজন্য জারি হয়েছে লাল সতর্কতা। অমরাবতী ও গড়চিরৌলিতে কমলা এবং বিদর্ভ ও নাগপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে। 

Advertisement

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই শহর ও শহরতলির বিস্তীর্ণ অংশে। আন্ধেরি সাবওয়ে ও লোখাণ্ডওয়ালা কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ঘুরপথে চলছে গাড়ি। জমা জলে ঘটছে দুর্ঘটনাও। সোমবার স্কুল থেকে ফেরার সময় মাতুঙ্গায় আটকে যায় একটি বেসরকারি স্কুলের বাস। বাসে ছিল ৬ জন পড়ুয়া ও ২ জন কর্মী। প্রায় আধ ঘণ্টা আটকে থাকার পর পুলিস তাদের উদ্ধার করে। অন্যদিকে দেরিতে চলছে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন। তবে মেট্রো পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলেই জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ