নয়াদিল্লি, ৯ নভেম্বর: উৎসব মানেই মিষ্টিমুখ, হরেক রকমের খাবার আর জমজমাট আয়োজন। কিন্তু সেই খাবারই যদি হয়ে ওঠে শরীরের পক্ষে বিপজ্জনক, তাহলে উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হতে পারে দুশ্চিন্তায়। উৎসবের মরশুমে খাদ্যে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিক্রি রুখতে দেশজুড়ে বিশেষ নজরদারি শুরু করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। আর সেই অভিযানে উঠে এল উদ্বেগজনক ছবি। গত ১ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রায় ৮২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ও খাদ্য সুরক্ষা বিধি না মানা পণ্য বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা।
ফএসএসএআই-এর প্রকাশিত একটি তথ্য অনুযায়ী এই বিশেষ অভিযানে মোট ৫৬ হাজার ৪৩১টি খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে ৩ হাজার ২৭৯.৫৭ টন নিষিদ্ধ ও নিয়মবহির্ভূত খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৮১.৮০ কোটি টাকা। বাজেয়াপ্ত হওয়া পণ্যের তালিকায় রয়েছে পনির, ঘি, দুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি। উৎসবের সময়ে এই সমস্ত খাদ্যপণ্যের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে যাতে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের বা ভেজাল সামগ্রী বাজারে বিক্রি করতে না পারেন, সে দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান আধিকারিকরা। শুধু পণ্য বাজেয়াপ্ত করেই থেমে থাকেনি খাদ্য নিয়ামক সংস্থা। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৫২টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। আরও ১ হাজার ১৩৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৩১৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে চলার জন্য ব্যবসায়ীদের মোট ১০ হাজার ৪৭টি সংশোধনী নোটিসও পাঠানো হয়েছে। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এফএসএসএআই জানিয়েছে, উৎসবের মরশুমে খাদ্যপণ্যের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। চলতি বছরেও খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির পাশাপাশি অনলাইন খাদ্য বিক্রয়কারী সংস্থাগুলির উপর নজরদারি ও প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা। সাধারণ মানুষের পাতে যাতে নিরাপদ ও মানসম্মত খাবার পৌঁছয়, সেই লক্ষ্যেই এই অভিযান বলে জানানো হয়েছে।



