নয়াদিল্লি, ৯ নভেম্বর: যা আশঙ্কাছিল তাই হল। যখন সমগ্র দেশ দীপাবলির আনন্দে মেতে উঠেছে, চারদিকে প্রদীপের আলো, আতশবাজির ঝলকানি তখন রাজধানী দিল্লির ছবিটা একেবারেই আলাদা। দীপাবলির রাতেই ঘন বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকে গেল দিল্লি-সহ সংলগ্ন এনসিআর এলাকা। কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলেও তৈরি হয়েছে সমস্যা। উৎসবের আনন্দের মাঝেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ভয়াবহ বায়ুদূষণ। দীপাবলির পরেই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দূষণ পরিস্থিতির অবনতির আশঙ্কায় দীপাবলির আগেই দিল্লি-এনসিআর এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপের তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর করেছিল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। কমিশনের তরফে জানানো হয়েছিল, বাতাসের গুণমান আরও খারাপ হওয়ার পূর্বাভাস থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছয় ৩৭৩-এ। অর্থাৎ 'অতি খারাপ' পর্যায়ে পৌছয় রাজধানীর বাতাস। একই সময়ে নয়ডার একিউআই ছিল ৩১৯। গাজিয়াবাদে ৩৬০, গুরুগ্রামে ২৮০ এবং ফরিদাবাদে ২৯৭। তবে রাজধানীর একাধিক এলাকার পরিস্থিতি আরও উদ্বেগজনক। আলিপুর, বাওয়ানা, বুরারি, চাঁদনি চক, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রোহিণী এবং বিবেক বিহার-সহ একাধিক জায়গায় একিউআই ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে। অর্থাৎ এই এলাকাগুলির বাতাস ইতিমধ্যেই 'গুরুতর' দূষণের পর্যায়ে পৌঁছে গিয়েছে।
এরই মধ্যে দিল্লির বায়ুর গুণমান নিয়ে আরও উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম। তাদের পূর্বাভাস অনুযায়ী, ৯ নভেম্বর থেকে আগামী কয়েক দিন দিল্লির বাতাসের গুণমান 'গুরুতর' পর্যায়ে থাকতে পারে। ফলে দীপাবলির পর দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলেই আশঙ্কা।



