ইথিওপিয়ায় পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার গ্যাংস্টার আফ্রিদি
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বিদেশে বসেই ভারতের মাটিতে একের পর এক অপরাধ। তোলাবাজি, হুমকির সঙ্গে অপরাধের তালিকায় রয়েছে খুনও। অবশেষে ইথিওপিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার আফ্রিদিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সহযোগিতায় তাকে দেশে ফেরানো হয়। রবিবার দিল্লির বিমানবন্দর থেকে পাঞ্জাব পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। 

Advertisement

পুলিশের দাবি, বিদেশে বসেই পাঞ্জাবে একাধিক পরিকল্পিত খুন, তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানো, অপরাধচক্র পরিচালনার অভিযোগ রয়েছে ধৃত আফ্রিদির বিরুদ্ধে। পাঁচটি খুন সহ ৩০টিরও বেশি গুরুতর অপরাধের মামলায় তাকে খুঁজছিল পুলিশ। ‘ডোনি বাল-প্রভ দাসুওয়াল’ গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সদস্য আফ্রিদির মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল পাঞ্জাব সরকার। ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, আফ্রিকার কোনো দেশ থেকে পলাতক অপরাধীকে দেশে ফেরানোর ক্ষেত্রে রাজ্য পুলিশের এটাই প্রথম সাফল্য। তিনি জানান, ‘অপারেশন শাহিদ’ নামে ১০ মাসের এই অভিযানে এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার একাধিক দেশে অভিযুক্তের গতিবিধি অনুসরণ করা হয়। ডিজিপি আরও জানান, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে যায় আফ্রিদি। গোরক্ষপুরের এক বাসিন্দার পরিচয় ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করেছিল সে। এরপর ইস্তানবুল হয়ে মেক্সিকোয় পালানোর চেষ্টা করে আফ্রিদি। ২০২৬ সালের এপ্রিলে কেনিয়া, জুনে অ্যাঙ্গোলা এবং নভেম্বর মাসে ইথিওপিয়ায় পৌঁছায় সে। আফ্রিদির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করানো হয়েছিল। শেষ পর্যন্ত গত ৬ নভেম্বর ইথিওপিয়ায় গ্রেপ্তার হয় আফ্রিদি।