নয়াদিল্লি, ৯ নভেম্বর: দিল্লির দূষণের প্রকৃত চিত্র আড়াল করতে বায়ুমান সূচক বা একিউআই এর তথ্য কারচুপি করছে বিজেপি সরকার। এমনই দাবি বিরোধী দল আম আদমি পার্টির। অন্যদিকে, দিল্লির মন্ত্রী কপিল মিশ্রের পালটা দাবি, দিল্লির দূষণের নেপথ্যে রয়েছে পাঞ্জাবের জমিতে পরিকল্পিতভাবে আগুন লাগানোর ষড়যন্ত্র। এই ঘটনায় সরাসরি অরবিন্দ কেজরীওয়ালের দলের দিকে আঙুল তুলেছেন তিনি। দীপাবলির রাত পেরিয়ে দিল্লির আকাশে যখন দূষণের ঘন কুয়াশা, তখনই রাজধানীর বায়ুদূষণকে কেন্দ্র করে শুরু হল এমনই নতুন রাজনৈতিক তরজা।
সোমবার কপিল মিশ্র দাবি করেন, পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে ফসলের জমিতে আগুন লাগানো হচ্ছে। তাঁর অভিযোগ, এই আগুন লাগানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এর মাধ্যমে দিল্লির মানুষ ও কৃষকদের ক্ষতি করার চেষ্টা চলছে। মিশ্রের দাবি, পাঞ্জাবের কৃষকরা তাঁকে এবং দিল্লি সরকারের অন্য সদস্যদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। মন্ত্রীর আরও বক্তব্য, উপগ্রহ চিত্রে ৭ নভেম্বর পাঞ্জাবে খেতে আগুন লাগানোর ১২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। দীপাবলির রাতে সেই সংখ্যা বেড়ে প্রায় ১২০০-তে পৌঁছয়। এই ঘটনাকে কৃষক ও দিল্লিবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, দূষণের পরিসংখ্যান নিয়েই বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তাঁর দাবি, দীপাবলির রাতে দিল্লির একাধিক এলাকায় একিউআই ৩০০০ ছাড়িয়ে গিয়েছিল। অথচ সরকারি পরিসংখ্যানে চিত্রটা একদমই উলটো। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, দূষণের মাত্রা ৩০০০ পার করার জন্য সংশ্লিষ্টদের কৃতিত্ব দেওয়া উচিত। দুটি ভিডিয়ো প্রকাশ করে তিনি আরও বলেন, দিল্লিতে প্রায় ২০টি নতুন বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র এমন কিছু দূরবর্তী ও তুলনামূলক সবুজ এলাকায় বসানো হয়েছে, যেখানে দূষণের মাত্রা স্বাভাবিকভাবেই কম। পাশাপাশি, বেশি দূষিত এলাকার পুরনো পর্যবেক্ষণ কেন্দ্রগুলির আশপাশে জল ছিটিয়ে একিউআই এর রিডিং কম দেখানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, দিল্লির দূষণ পরিস্থিতি আগের আপ সরকারের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেছেন কপিল মিশ্র। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দীপাবলির আগে ও পরের দূষণের তুলনায় ২০২৩ সালে দূষণ বেড়েছিল ৪৩.৩৩ শতাংশ এবং ২০২৪ সালে বেড়েছিল প্রায় ১০ শতাংশ। সেখানে চলতি বছরে দূষণ ১.৩৩ শতাংশ কমেছে বলে দাবি তাঁর।



