রায়পুর, ৯ নভেম্বর: দ্রুত টাকা উপার্জনের নেশা যে মানুষকে কতটা ভয়ংকর অপরাধের পথে ঠেলে দিতে পারে, ছত্তিশগড়ের জশপুরের এই ঘটনা তারই এক নৃশংস উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি মোটা টাকা রোজগারের উপায় খুঁজতে গিয়েই নাকি মাথায় এসেছিল শিশুদের অঙ্গ বিক্রি করার পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নিজেরই এক আত্মীয়ের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগ উঠল ২৭ বছরের এক যুবকের বিরুদ্ধে। শুধু খুনই নয়, শিশুটির দেহ থেকে কিডনি, ফুসফুস এবং চোখ বের করে নেওয়ারও অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাসুদেব। রবিবার তাকে গ্রেপ্তার করে ছত্তিশগড় পুলিশ। জশপুর জেলার লোধেনাপাথ মহুয়া গ্রামের একটি ভুট্টাখেতের কাছে জলভর্তি গর্ত থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। একটি বস্তার মধ্যে কম্বল ও লেপে মোড়া অবস্থায় দেহটি ফেলে রাখা হয়েছিল। পরে সেটি মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা রামজিৎ রাম (৩৬) গত ৭ নভেম্বর সান্না থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ৫ নভেম্বর থেকে ছেলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে শিশুটির খোঁজ করতে বেরিয়ে একটি ভুট্টাখেতের কাছে জলভর্তি গর্তে বস্তাবন্দি দেহটি দেখতে পান রামজিৎ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে পাশের গ্রাম থেকেই বাসুদেবকে আটক করা হয়। জেরার মুখে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। পুলিশের দাবি, অভিযুক্ত দিনমজুরের কাজ করত। কিন্তু সেই কাজ থেকে পাওয়া উপার্জনে সন্তুষ্ট ছিল না সে। আরও বেশি টাকা রোজগারের আশায় নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উপায় খুঁজত। সেখান থেকেই ছোট শিশুদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বের করে বিক্রি করার পরিকল্পনা মাথায় আসে বলে জেরায় জানিয়েছে অভিযুক্ত।
তদন্তকারীদের দাবি, ৫ নভেম্বর শিশুটিকে প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যায় বাসুদেব। বিভিন্ন জায়গায় ঘোরানোর পর মদ ও মুরগির মাংস কেনে সে। অভিযোগ, শিশুটিকেও মদ খাওয়ানো হয়। পরে সে নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়লে ছুরি দিয়ে তার গলা কেটে খুন করে অভিযুক্ত। এরপর শিশুটির দেহ কেটে কিডনি, ফুসফুস ও চোখ বের করে একটি প্লাস্টিকের বালতিতে রেখে দেয় বলে অভিযোগ। এরপর দেহটি কম্বল ও লেপে মুড়ে বস্তায় ভরে জলভর্তি গর্তে ফেলে দেয় সে। উপর থেকে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বয়ানের ভিত্তিতে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র, শিশুটির দেহ থেকে বের করা অঙ্গপ্রত্যঙ্গ-সহ প্লাস্টিকের বালতি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছে কি না, কিংবা অঙ্গ বিক্রির কোনও চক্রের সঙ্গে অভিযুক্তের যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।



