সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর পুরসভা এলাকার কবরখানা রোডে হাইড্র্যান্টের কাজ শুরু হয়েছে। হাই ড্রেনের কাজ চলায় ওই রাস্তায় যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। দু’দিনের বৃষ্টিতে কাদা জলে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। ব্যস্ত রাস্তায় যান চলাচলে ঘনঘন যানজটে নাকাল হতে হচ্ছে। ওই রাস্তা দিয়েই মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়া যায়। ফলে রোগীর অ্যাম্বুলেন্সও আটকে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাইড্র্যান্টের জন্য মাটি কাটায় রাস্তার একদিক প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টির জলে মাটি গলে রাস্তায় নেমে এসেছে। মাটি সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
বহরমপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস গোয়ালা বলেন, হাইড্র্যান্ট তৈরি হলে ওয়ার্ডের ৯৯ শতাংশ সমস্যা দূর হবে। একমাস অসুবিধা হবে মেনে নিচ্ছি। তবে নিকাশি সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান হবে। মাটি শুকিয়ে গেলে সরিয়ে নেওয়া হবে।
স্বর্ণময়ী ও কবরখানা রোডের সংযোগস্থল স্পোর্টিং ক্লাবের কাছ থেকে শুরু হয়েছে হাইড্র্যান্ট নির্মাণের কাজ। এই হাই ড্রেনটি ২২ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত যাবে। পাশাপাশি দু’পাশের নিকাশি নালাগুলিও এর সঙ্গে জুড়বে। এতদিন এই তিন ওয়ার্ডের মধ্য দিয়ে ছোট নিকাশি নালা ছিল। নিকাশি ব্যবস্থা কার্যত বেহাল হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমা হয়। নিকাশি সমস্যা মেটাতে পুরসভার উদ্যোগে হাই ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। আর হাই ড্রেন তৈরির কাজ শুরু হতেই নতুন সমস্যা দেখা দিয়েছে।
রাস্তার একপাশ দিয়ে তৈরি হচ্ছে হাই ড্রেন। মাটি রাস্তার একপাশ জুড়ে জড়ো করে রাখা হয়েছে। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে গিয়েছে। গোদের উপর বিষফোড়ার মতো বৃষ্টির জেরে যাতায়াতে আরও সমস্যা বেড়েছে। জমে থাকা মাটি গলে রাস্তার উপর এসে জমছে। এরফলে দু’চাকা, চারচাকা সহ অটো টোটো যেতে সমস্যা হচ্ছে। হেঁটে ওই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। গাড়ির চাকায় জল কাদা ছিটকে এসে দু’পাশের দোকানে ঢুকছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। উপযুক্ত ব্যবস্থা না নিয়ে হাইড্র্যান্ট তৈরি করায় পুরসভার উপর তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। -নিজস্ব চিত্র