Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেরল ও উত্তর-পূর্ব ভারতে দিন চার-পাঁচের মধ্যেই বর্ষার প্রবেশ

আগামী চার-পাঁচ দিনের মধ্যেই কেরল ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশ ঘটবে। মঙ্গলবার জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

কেরল ও উত্তর-পূর্ব ভারতে দিন চার-পাঁচের মধ্যেই বর্ষার প্রবেশ
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী চার-পাঁচ দিনের মধ্যেই কেরল ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশ ঘটবে। মঙ্গলবার জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গত ১০ মে আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছিল যে, ২৭ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। এখন যা বলা হচ্ছে তাতে ওই সময়ের আগেই কেরলে বর্ষাকাল 

Advertisement

শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। বর্ষার আগমনের 
পূর্বাভাসের বিবৃতিতে অবশ্য যে-সময় বলা থাকে, তার চারদিন এদিক-ওদিক হতে পারে। এই নিরিখে আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা এলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে যাবে। উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫ জুন। বর্ষা অগ্রসরের গতি বজায় থাকলে তার আগেই উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আগে আসতে পারে কি না তা বঙ্গোপসাগরে মাসের শেষদিকের সম্ভাব্য নিম্নচাপটির উপর নির্ভর করছে। 
এবার প্রথম থেকে মৌসুমি বায়ুর গতিপ্রকৃতি খুব সক্রিয়। নির্ধারিত সময়ের কয়েকদিন আগে ১৩ মে নাগাদ নিকোবর, দ্বীপপুঞ্জ, আন্দমান সাগর এবং বঙ্গোপসাগরে বর্ষা চলে আসে। তারপর থেকে বর্ষা খুবই দ্রুতগতিতে একদিকে আরব সাগর ও অন্যদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে মায়ানমারের স্থলভাগের অংশ ইতিমধ্যে মৌসুমি বায়ু স্পর্শ করছে। মায়ানমার হয়ে মৌসুমি বায়ুর একটি প্রান্ত উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করে। অন্য প্রান্তটি আরব সাগর হয়ে কেরল উপকূল দিয়ে দক্ষিণ ভারতে ঢোকে। মৌসুমি বায়ুর ওই প্রান্তটি ইতিমধ্যে শ্রীলঙ্কায় প্রবেশ করেছে। 
এদিকে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি আরও শক্তিশালী হবে। আরব সাগরের নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় হবে কি না সেই ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু জানায়নি। তবে সেই সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় না-হলে শক্তিশালী নিম্নচাপের ধাক্কায় বর্ষা কেরল দিয়ে প্রবেশ করে যেতে পারে। অন্যদিকে, ২৬-২৭ মে নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপটিও শক্তিশালী হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ