নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব কিছু ঠিক থাকলে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আয়োজিত হতে পারে সুপার কাপ। ডিসেম্বরে আইএসএল। সেই মতো ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে ইতিমধ্যেই নিজেদের মতো করে দল গুছিয়ে নিয়েছে সব ক্লাব। ব্যতিক্রমী শুধুই মহমেডান স্পোর্টিং। গত মরশুমে কোচ ও বিদেশি ফুটবলারদের বকেয়া বেতন মেটাতে না পারায় ইতিমধ্যেই ফিফার ট্রান্সফার ব্যান হয়েছে রেড রোডের ক্লাবটির। নির্বাসন তুলতে হলে মোটা অঙ্কের জরিমানা মেটাতে হবে সাদা-কালো কর্তাদের। পরিমাণ প্রায় সাত কোটি টাকা। এই পরিস্থিতিতে ঘরোয়া লিগে মুখ পুড়েছে রেড রোডের ক্লাবটির। গ্রুপ পর্বে লিগ টেবিলে তলানিতে থাকায় লড়তে হবে অবনমনের লড়াই।



