সংবাদদাতা, রামপুরহাট: শনি, রবিবার তো রয়েছেই। ওই দিনগুলিতে ভক্ত সমাগম বেশি হওয়ায় মোবাইল পরিষেবা ঠিক মতো মেলে না বলে অভিযোগ। বর্তমানে কিছুদিন ধরে সপ্তাহের বাকি দিনগুলিতেও তারাপীঠে বাড়ছে কল ড্রপের সমস্যা। সামনে নতুন বছর। হাজার হাজার ভক্ত সমাগম হবে। সেই সময় মোবাইল পরিষেবা চূড়ান্তভাবে ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন তীর্থভূমির বাসিন্দা থেকে পর্যটকরা।
সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেকেই মোবাইল ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। শুধু যোগাযোগ নয়, যে কোনও কাজ খুব সহজেই মোবাইলে হয়ে যায়। কিন্তু সিগন্যাল পাওয়া না গেলে বা কল ড্রপ হলে সেই ফোনই ভোগান্তি বাড়িয়ে তোলে।
বামাখ্যাপার সাধনাস্থল তারাপীঠে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। কিন্তু এখানে মোবাইল পরিষেবা অনুন্নত বলে অভিযোগ তাঁদের। যেখানে বহু জায়গায় ৫জি পরিষেবা শুরু হয়েছে, সেখানেই তারাপীঠে ইন্টারনেট সমস্যায় ভুগতে হয় মানুষকে। পর্যটকদের অনেকেই বাড়ির বয়স্কদের ভিডিও কল করে তীর্থক্ষেত্র দর্শন করাবেন তার কোনও উপায় থাকে না। একইভাবে ফোনে যোগাযোগের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় তাঁদের।
এলাকার বাসিন্দারা বলেন, আগে সোম থেকে শুক্রবার পর্যন্ত মোবাইল পরিষেবা ঠিকই থাকত। শনি ও রবিবার মোবাইল নেটওয়ার্ক কাজ করত না। এখন প্রায়ই সমস্যা হচ্ছে। টাওয়ার থাকলেও ফোন কল করা যায় না। কখনও আবার কল ড্রপ হতে থাকে। নেট স্লো হয়ে যায়। স্মার্টফোনে ইন্টারনেটের প্রয়োজন সবচেয়ে বেশি। ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে কারেও সঙ্গে যোগাযোগ করা যায় না।
মোবাইল পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তারাপীঠের ব্যবসায়ীরাও। তাঁদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অসুবিধেয় পড়তে হচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, এখন আর কেউ পকেটে টাকা নিয়ে ঘোরে না। পর্যটকদের অনেকেই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করেন। কিন্তু নেট পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়তে হয় তাঁদের। হোটেল ছাড়ার পরও শুধুমাত্র পেমেন্টে করার জন্য লবিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের। এখনই যা অবস্থা তাতে নতুন বছরের শেষ ও শুরুতে ওই সময়ে কার্যত স্তব্ধ হয়ে যাবে মোবাইল পরিষেবা।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, কল ড্রপের সমস্যা ক্রমশ তীব্রতর হচ্ছে। বাইরে থেকে আসা পর্যটকরা যদি কোনও অসুবিধেয় পড়েন তাহলে তাঁরা কন্ট্রোল রুম বা পুলিস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। মোবাইল নিরাপত্তার অন্যতম অংশ। বিভিন্ন কোম্পানি ব্যবসা করছে, অথচ কল ড্রপ বা নেট সমস্যার সমাধান করছেন না। মানুষকে মাসিক রিচার্জ করে যেতে হচ্ছে। দ্রুত যাতে উন্নত পরিষেবা মেলে সে ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করছি।
তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় বলেন, বর্তমান যুগে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। দ্রত টিআরডিএর পক্ষ থেকে সার্ভিস প্রোভাইডারদের চিঠি দিয়ে ডেকে মিটিং করে পরিষেবা উন্নত করতে বলা হবে।