Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে ২০জন বিশেষভাবে সক্ষমকে ট্রাইসাইকেল দিলেন মন্ত্রী

জন্মসূত্রে বা দুর্ঘটনার জেরে যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের সুবিধার্থে এই ট্রাইসাইকেল দেওয়া হয়েছে

রঘুনাথগঞ্জে ২০জন বিশেষভাবে সক্ষমকে ট্রাইসাইকেল দিলেন মন্ত্রী
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সকালে রঘুনাথগঞ্জে নিজের বাসভবনে এলাকার ২০জন বিশেষভাবে সক্ষমদের ট্রাইসাইকেল দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। অনুষ্ঠানে রঘুনাথগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন, ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

জন্মসূত্রে বা দুর্ঘটনার জেরে যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের সুবিধার্থে এই ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। মন্ত্রী উপস্থিত সবাইকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করান। ট্রাইসাইকেল পেয়ে মন্ত্রীকে ধন্যবাদ জানান বিশেষভাবে সক্ষমরা।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এলাকার কিছু বিশেষভাবে সক্ষম মানুষের বিষয়ে জানতে পারি। তাঁরা জানিয়েছিলেন, ট্রাইসাইকেল পেলে যাতায়াত করতে পারবেন। সেজন্য ২০জনকে আমরা তা দিয়েছি। যাঁরা ট্রাইসাইকেলে কিছু ফেরি করে রোজগার করতে চান, আমরা তাঁদের পাশে থাকব।
এদিন রঘুনাথগঞ্জের সাইদাপুরে মন্ত্রীর বাসভবনে বিশেষভাবে সক্ষমদের প্রথমে গোলাপ ফুল দিয়ে সম্মানিত করা হয়। এরপর তাঁদের ট্রাইসাইকেল দেওয়া হয়। মন্ত্রী জানান, এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা মুমুর্ষূ রোগীদের রক্তদান করে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছেন। সমাজের প্রতি তাঁদের এই কর্তব্যপালন সবাইকে অনুপ্রাণিত করবে।
প্রৌঢ় মানিক শেখ বলেন, রাজমিস্ত্রির কাজ করার সময় দোতলা থেকে পড়ে কোমর ভেঙে গিয়েছে। প্রায় ১২বছর ধরে কোনও কাজ করতে পারি না। ট্রাইসাইকেলটা পেয়ে ভালো লাগছে। ঘরে বসে থেকে বিরক্ত হয়ে যাই। এবার এখানে সেখানে একটু যেতে পারব। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, মন্ত্রী এলাকার সর্বস্তরের মানুষের কথা ভাবেন।
সন্মতিনগর পঞ্চায়েতের সদস্য আশিসবরণ দাস বলেন, বিশেষভাবে সক্ষম মানুষের কথা অনেকেই পর্যাপ্ত গুরুত্ব দিয়ে ভাবেন না। মন্ত্রী তাঁদের ট্রাইসাইকেল দেওয়ার পাশাপাশি সম্মানিত করেছেন। আমাদের সবার বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ানো উচিত। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ