Bartaman Logo
১০ জুন, ২০২৬

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক নিয়ে আজ বৈঠক প্রধানমন্ত্রীর দপ্তরে, যত চাপই আসুক, আমরা রাস্তা খুঁজে নেব: মোদি

ক্রমেই গাঢ় হচ্ছে আশঙ্কার কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী কাল বুধবার থেকে মার্কিন বাজারে প্রবেশ করা ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন।

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক নিয়ে আজ বৈঠক প্রধানমন্ত্রীর দপ্তরে, যত চাপই আসুক, আমরা রাস্তা খুঁজে নেব: মোদি
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ক্রমেই গাঢ় হচ্ছে আশঙ্কার কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী কাল বুধবার থেকে মার্কিন বাজারে প্রবেশ করা ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। এই সিদ্ধান্ত কার্যকর হলে স্বাভাবিকভাবেই ধাক্কা খাবে বাণিজ্য। চাপ বাড়বে ভারতীয় রপ্তানিকারীদের উপরে। এই পরিস্থিতিতে আজ, ২৬ আগস্ট প্রধানমন্ত্রীর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে এই বৈঠক হবে। তার মধ্যেই আমেরিকার ৫০ শতাংশ শুল্কের রক্তচক্ষু নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘যত চাপই আসুক না কেন, আমরা ঠিক কোনও না কোনও রাস্তা খুঁজে বার করব।’ এদিন আমেদাবাদে এক জনসভায় মোদি জানান, বর্তমানে বিশ্বজুড়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য নীতি তৈরি করা হচ্ছে। কিন্তু ভারতও এই ধরনের পদক্ষেপ রুখে দেশের নাগরিকদের স্বার্থরক্ষাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে।

Advertisement

ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের দেশে ২৫ শতাংশ শুল্ক বসেছে সিংহভাগ ভারতীয় পণ্যে। তার প্রভাব নিয়ে রপ্তানিকারক সংস্থাগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছে কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক। সংস্থাগুলি জানিয়েছে, এই চড়া শুল্কের ফলে লাভের পরিমাণ কমেছে। পাশাাপাশি, রপ্তানির বাজারে সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতাও হ্রাস পেয়েছে। কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে, তা নিয়ে আগামী কাল প্রধানমন্ত্রীর দপ্তরের বৈঠকে আলোচনা হবে। পরিস্থিতি মোকাবিলায় ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম চালু করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে রপ্তানিকারী সংস্থাগুলি।
ট্রাম্পের প্রস্তাবমতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ চাপে ভারতের উপর। এরপরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ‘শাস্তিস্বরূপ’ আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। মাথা নোয়াবে না বলে পাল্টা সুর চড়ায় নয়াদিল্লিও। ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেয় রাশিয়া, চীনের মতো দেশগুলি। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামানোই একমাত্র লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের। তাই রাশিয়ার থেকে যে দেশ তেল কিনছে তাদের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন। মস্কোকে যাতে চাপে ফেলে এই যুদ্ধে ইতি টানা যায়। এর মধ্যেই সোমবার রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানান, জাতীয় স্বার্থরক্ষার লক্ষ্যে ভারত যেখানে সস্তা পাবে, সেখান থেকেই তেল কিনবে। নয়াদিল্লির স্পষ্ট বার্তা, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাও রুশ পণ্য কেনে। এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্বার্থরক্ষার অধিকার রয়েছে ভারতেরও।

Advertisement
সম্পর্কিত সংবাদ