নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ ‘অটো সেটলমেন্ট অব অ্যাডভান্সড ক্লেম’এর (এএসএসি) পরিমাণ বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। এর ফলে কয়েকটি বিশেষ কারণে ইপিএফ অ্যাকাউন্ট থেকে সর্বাধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম তুলতে পারবেন কর্মী পিএফের গ্রাহকরা।
শ্রমমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত ২৮ মার্চ শ্রীনগরে ইপিএফওর এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় শ্রমসচিব সুমিতা দেওরা। এবার নিয়মমতো ইপিএফও অছি পরিষদ এই সিদ্ধান্তে অনুমোদন দেবে। সেই সবুজ সঙ্কেতের পরেই বর্ধিত ঊর্ধ্বসীমা কার্যকর করবে ভবিষ্যনিধি সংগঠন। এমনিতে কর্মী পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য কিছুদিন অপেক্ষা করতে হয় গ্রাহকদের। এই সংক্রান্ত কিছু বিশেষ প্রক্রিয়ার মধ্যে যেতে হয় তাঁদের। করোনা মহামারীর আবহে ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম ইপিএফ থেকে অগ্রিম টাকা তোলার জন্য অটো মোড সেটলমেন্ট ব্যবস্থা চালু করে কেন্দ্র।
করোনা মহামারীর আবহে প্রথমে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রেই এহেন ‘অটো মোড’ অগ্রিম টাকা তোলার ব্যবস্থা কার্যকর করে কেন্দ্র। পরবর্তী ক্ষেত্রে এর পরিধি বৃদ্ধি করে শিক্ষা, বিবাহ এবং বাড়িঘর ক্রয় কিংবা তৈরিকেও তালিকাভুক্ত করা হয়। এই ব্যাপারে ইপিএফও অছি পরিষদের সদস্য শিবপ্রসাদ তিওয়ারি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এই ঊর্ধ্বসীমা বৃদ্ধির দাবি করে আসছি। কেন্দ্রীয় সরকার আমাদের দাবিকে মান্যতা দিয়েছে। এর ফলে দেশের সাড়ে সাত কোটি ইপিএফ গ্রাহক উপকৃত হবেন।