নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ইস্যুতে ‘জবাব’ চাইতে গিয়ে ঠাকুরবাড়িতে আক্রান্ত হন শ্যামনগরের বাসিন্দা এক মতুয়া গোঁসাই। মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয় নান্টু নামে ওই গোঁসাইকে। এই ঘটনায় মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের তালিকায় থাকা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ সহ বাকিরা অধরা। তারই প্রতিবাদে ৫ জানুয়ারি দুপুর ১২টায় রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী।
শুরু হয়েছে এসআইআরের শুনানি। উদ্বেগ ক্রমশ বাড়ছে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে। এই পর্বেই নাম বাদ যাওয়ার বিষয়টি প্রকাশ্যে মেনে নেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা মোদির মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর। নাগরিকত্ব আর ভোটাধিকার—দুই ক্ষেত্র থেকেই বঞ্চিত হওয়ায়, ক্রমেই ক্ষোভ বাড়ছে মতুয়াদের। শুনানি কেন্দ্রে গিয়েও বৈধ নথিপত্র দেখাতে না পারায়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে মতুয়াদের। ক’দিন আগে নদীয়ার মতুয়াগড়ে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকত্ব নিয়ে একটা কথাও খরচ করেননি। ফিরে গিয়ে এক্স হ্যান্ডেলে মতুয়া ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন মাত্র। তাতে যে ক্ষোভ প্রশমিত হয়নি, তা স্পষ্ট মতুয়াদের কথাতেই। গাইঘাটার শুভাশিস গোঁসাই বলেন, আমাদের কাছে কোনও কাগজ নেই। শুনানি নিয়ে আমাদের চিন্তা বাড়ছে। এর জন্য জবাব চাইতে গিয়ে নান্টু গোঁসাইকে মারধরের ঘটনায় গ্রেফতার মাত্র এক। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। কতজন সিএএতে নাগরিকত্ব পেয়েছেন, তা এবার প্রকাশ্যে আনা হোক।
উল্লেখ্য, এসআইআর পর্বের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের সময় গত ২৪ ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়ি রণক্ষেত্রের চেহারা নেয়। শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যদের হাতে আক্রান্ত হতে হয় মমতা ঠাকুর গোষ্ঠীর লোকজন। মতুয়ারা এই বিষয়টিকে মাথা হেঁট হওয়ার মতো ঘটনা বলে ক্ষোভ প্রকাশ করছেন। আর এই পর্বে নতুন করে প্রতিবাদ করতে চাইছে মমতা ঠাকুরের গোষ্ঠী। এনিয়ে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি এবং আরএসএস এর ক্যাডাররা মতুয়া সাধু-গোঁসাইদের উপর যে আক্রমণ করেছে, তার প্রতিবাদেই অবরোধ কর্মসূচি। পালটা বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, ওদের সঙ্গে প্রকৃত মতুয়ারা নেই। সেই কারনেই এসব করছে। এদিকে, নান্টু গোঁসাইকে মারধরের ঘটনায় যুক্ত বাকিদের গ্রেফতারির দাবিতে রবিবার সন্ধ্যায় গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখান একদল মতুয়া। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহৃত হয়।