নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবার মিছিল! ফের কাজের দিনে ভোগান্তির শিকার হলেন অগনিত মানুষ। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল ডেকেছিল ২০২২ প্রাথমিক টেট পাশ ডিএলএড ঐক্যমঞ্চ। চাকরিপ্রার্থীদের এই মিছিলে যোগ দিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি। মোটামুটি দেড়টা নাগাদ এনআরএস হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়। সেই মিছিলের জেরে গোটা শিয়ালদহ চত্বর সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। ধীর গতিতে মিছিল চলল ধর্মতলার দিকে। সেই সময় স্কুল ছুটি হয়েছে। ফলত, স্কুলের গাড়িতে পড়ুয়ারা গরমের মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে। মিছিলের পথেই পড়ে ক্যালকাটা বয়েজ স্কুল। সেই স্কুলের পড়ুয়ারাও ছুটির পর অপেক্ষা করতে হয়। মিছিল দেখে চারপাশের দোকানিদের একটাই কথা, ‘আবার মিছিল! প্রতিদিন এমন শুরু হলে তো খুবই সমস্যা।’ গোটা এস এন ব্যানার্জি রোডজুড়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে মিছিল এগোতে থাকে। যার ফলে দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকে। প্রচুর মানুষ পায়ে হেঁটেই মৌলালি থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দেন। মিছিল ধর্মতলায় পৌঁছলে সেখানেও মিনিট পনেরো মানব বন্ধন করেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানে নৌশাদ সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। ৫০ হাজার পদে শীঘ্রই নিয়োগের দাবি তোলেন তিনি। তারপর ওয়াই চ্যানেলে কিছুক্ষণ অবস্থান করেন তাঁরা। এরপর ছয় জনের প্রতিনিধি দলকে পুলিশ এপিসি ভবনে নিয়ে যায়। সেখানে তাঁরা ডেপুটেশন দেন। ধর্মতলায় যানজট। - নিজস্ব চিত্র



