সংবাদদাতা, শিলিগুড়ি: ভুয়ো কাগজ দেখে সরকারি জমি কিনে পথে বসল একদল মানুষ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কাছে এশিয়ান হাইওয়ে-২ এর ধারে কাওয়াখালিতে জমির অবৈধ কারবারিরা অনেকদিন থেকেই সক্রিয়। বহু মানুষকে তারা ভুয়ো দলিল দেখিয়ে সরকারি জমি বিক্রি করেছে বলে অভিযোগ। মঙ্গলবার এমনই দখল হয়ে যাওয়া নিজেদের জমি উদ্ধার করল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ)। জমি হারিয়ে অথৈ জলে ওই পরিবারগুলি।
এদিন সকাল থেকে বিশাল পুলিস বাহিনী নিয়ে অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়। এসজেডিএ’র জমিতে অবৈধভাবে বহু বাড়ি, খাবারের হোটেল গজিয়ে উঠেছিল। এসজেডিএ দখলদারদের হটাতে অভিযানে নামতেই বাড়ি, দোকান, হোটেল মালিকরা প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনেন। এলাকার বাসিন্দা জীবনকৃষ্ণ রায় বলেন, জমি কেনার সময় বুঝতে পারিনি এটি সরকারি জমি। কেনার পর সরকারি নথি যাচাই করতে গিয়ে দেখি জমি এসজেডিএ’র। ভুয়ো কাগজ দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারপর সেই জমি বিক্রেতাকে বারবার বলেও টাকা পাওয়া যায়নি। টাকা ফেরত দিতে রাজি হননি। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে বসেও বিক্রেতাকে রাজি করানো যায়নি। তাই বাধ্য হয়েই বাড়ি বানিয়ে বসবাস শুরু করেছিলাম। ভেবেছিলাম কোনওভাবে কিছু ক্ষতিপূরণ মিলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সব টাকা জলে চলে গেল। এখন কোথায় যাব ভেবে উঠতে পারছি না।
শুধু জীবনবাবু একা নন, কাওয়াখালির এই এলাকায় এরকম বহু মানুষের একই অভিযোগ। কিছু লোক এভাবে ভুয়ো কাগজ দিয়ে এসজেডিএ’র জমি বিক্রি করে মোটা টাকা হাতিয়ে নিয়েছে। রেজিস্ট্রি করে বিক্রি হয়নি। স্ট্যাম্প পেপারে লিখে জমির হাতবদল হয়েছে। জমি বিক্রেতাদের এখন পাওয়া যাচ্ছে না বলে জানান প্রতারিতরা।
এদিন জমি পুনরুদ্ধার অভিযানে আসা এসজেডিএ’র আধিকারিক জাহিরুল ইসলাম বলেন, এলাকার সব জমি এসজেডিএ’র বিভিন্ন প্রকল্পের। এখানে বেশকিছু জমি প্রকল্পের জমিদাতাদের পুনর্বাসনের জন্য চিহ্নিত করে রাখা হয়েছে। তাঁরাই এই জমি পাবেন। কেউ যদি জমির নকল কাগজ বানিয়ে বিক্রি করে সেটা যাঁরা কিনেছেন তাঁদের বিষয়। আমাদের সব জমি চিহ্নিত করে সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। যারা অবৈধভাবে জমিতে বসবাস শুরু করেছে এবং হোটেল, দোকান খুলেছে তাদের আমরা তিনবার নোটিস দিয়ে জায়গা ফাঁকা করতে বলেছিলাম। সেই নোটিস মতো কেউ সরে না যাওয়ায় এদিন আমরা অভিযানে নামি। এই অভিযান ধারাবাহিক চলবে। অবৈধভাবে যারা বসবাস করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসজেডিএ’র জমিতে অবৈধ দখল বরদাস্ত করা হবে না। এদিন ৩০টি অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়েছে।
নিজস্ব চিত্র।