Bartaman Logo
২৮ মে, ২০২৬

দুই কন্যার মৃত্যুশোক মিলিয়ে দিল মণিপুরকে

গুজরাতে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ উত্তর-পূর্বের রাজ্য মণিপুরেও। বিমানে ১০ জন কেবিন ক্রুর মধ্যে ছিলেন মণিপুরেরই দুই কন্যা।

দুই কন্যার মৃত্যুশোক মিলিয়ে দিল মণিপুরকে
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: গুজরাতে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ উত্তর-পূর্বের রাজ্য মণিপুরেও। বিমানে ১০ জন কেবিন ক্রুর মধ্যে ছিলেন মণিপুরেরই দুই কন্যা। থৌবাল জেলার বাসিন্দা কনগ্রাবেইলিয়াতপাম গানথোই শর্মা (২২) মেইতেই সম্প্রদায়ের। ইম্ফলের বাসিন্দা লামনুনথেম সিংসন (২৮) কুকি সম্প্রদায়ভুক্ত। গত দু’বছরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতি হিংসায় বার বার উত্তপ্ত হয়েছে মণিপুর। কিন্তু সেই হিংসা থেকে অনেক দূরে ছিলেন দু’জনে। তাঁদের মধ্যে ছিল দিদি-বোনের সম্পর্ক। সিংসনের পরিবার অবশ্য এই সংঘর্ষের ফলে চলে যায় কাংপোকপিতে। কথা ছিল মণিপুর শান্ত হলে আবার ইম্ফলে ফিরবেন তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, এ বছরই এয়ার ইন্ডিয়ায় ক্রু হিসেবে যোগ দেন সিংসন। অন্যদিকে, ২০২৩ থেকে গানথোই এয়ার ইন্ডিয়ায় কাজ করছেন। গানথোইয়ের বাবা, কনগ্রাবেইলিয়াতপাম নন্দেশ কুমার শর্মা বলেন, ‘এয়ার ইন্ডিয়া আমাদের কিছুই জানায়নি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য পেয়েছি আমরা। আমার বড় মেয়ে ইতিমধ্যে আমেদাবাদে গিয়েছে। ছেলে দিল্লিতে আছে। সেও আমেদাবাদে যাবে।’ অন্যদিকে, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সিংসনই। পিতৃহারা মেয়ের চাকরির পর পরিবারের মুখে হাসি ফুটেছিল। এক লহমায় সব শেষ।
তাঁদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মণিপুরজুড়ে। মেইতেই সম্প্রদায়ের সংগঠন কোকোমি দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। শোকপ্রকাশ করে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘ভগ্ন হৃদয়ে জানাচ্ছি, আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন মণিপুরের দুই তরুণ কেবিন ক্রু। এই আকস্মিক মৃত্যু তাঁদের পরিবার-বন্ধু ও আমাদের সকলের জন্য বিশাল ক্ষতি।’ মৃত্যুর পর যেন দুই কন্যা যেন যুযুধান দুই সম্প্রদায়কে এক সুতোয় গেঁথে দিলেন!

সম্পর্কিত সংবাদ