নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলার কৃষক সমাজের কাছে বার্তা পৌঁছে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কৃষক ও খেতমজুর সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজারের মতো কৃষক ও খেতমজুর আসবেন। যেখানে কৃষক সমাজের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে আছে এবং আগামী দিনে থাকবে, তার সুস্পষ্ট বার্তা দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে কৃষক ও খেতমজুরদের ব্যাপক উন্নয়ন ও আর্থিক শ্রীবৃদ্ধির বিষয়টি ঘোষিত হয়েছে। বাংলার খেতমজুররা জীবিকা, কৃষি ও সংশ্লিষ্ট কাজকর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল। বাজেটে বলা হয়েছে, ২ হাজার টাকা করে দুটি কিস্তিতে বার্ষিক মোট ৪ হাজার আর্থিক অনুদান তাঁদের দেওয়া হবে।
তৃণমূল নেতৃত্ব বলছেন, খেতমজুরদের কথা এর আগে কেউ কখনোই ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে তাঁদের পাশে আছেন। তৃণমূলের কৃষক ও খেতমজুর সংগঠনের প্রধান পূর্ণেন্দু বসু বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক নির্বাচনী সম্মেলনের আয়োজন করা হয়েছে। ব্যাপক কৃষক সমাজের কাছে বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। কৃষক, খেতমজুররা আমাদের বন্ধু। তাঁদের সার্বিক উন্নতির জন্য মমতার বন্দ্যোপাধ্যায়ের সরকার ও দল সর্বতোভাবে পাশে আছে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বাংলা কৃষিপ্রধান রাজ্য। এখানে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে শস্যবিমা, কৃষিসরঞ্জাম ক্রয়সহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ করেছে রাজ্য। তাছাড়া এবারের বাজেটে খেতমজুরদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের আগে কৃষক ও খেতমজুরদের নিয়ে নেতাজি ইন্ডোরের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, এই সম্মেলনে একদিকে রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরা হবে। অন্যদিকে সামনে আনা হবে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে কৃষকদের উপর অত্যাচারে অভিযোগগুলি। ওইসঙ্গে তুলে ধরা হবে বাংলার কৃষকদের কীভাবে বঞ্চিত করছে মোদি সরকার।