নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সকালে বিধানসভার ভিতরে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সাত সকালে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তারপর পুলিশ দেহটিকে উদ্ধার করে। জানা গিয়েছে মৃত ব্যক্তিটির নাম উমেশচন্দ্র দাস। তিনি বিধানসভা ভবনের ক্যান্টন কর্মী ছিলেন। সোমবার সকালে একটি শৌচাগারে তাঁর দেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
পুলিশ সূত্রের খবর, আজ সোমবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের ক্যান্টিনের শৌচাগারের ভিতরে তাঁকে অচৈতন্য ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, উমেশ চন্দ্র দাস বিধানসভার ক্যান্টিনের অস্থায়ী কর্মী ছিলেন। গত প্রায় ১৫ বছর ধরে তিনি সেখানে কাজ করছিলেন। তাঁকে উদ্ধার করে দ্রুত কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনওরকম অস্বাভাবিকতা বা অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়নি। পাশাপাশি, কারও তরফে কোনও অভিযোগও দায়ের করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ডিডি হোমিসাইডের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



