নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জ গার্ডেন্স এলাকায় বেপরোয়া গাড়ির দাপটে আতঙ্ক। রবিবার রাতে নো-এন্ট্রি ভেঙে গাড়িটি প্রথমে একটি রুটির দোকানে ধাক্কা মারে। সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে ভুল গলিতে ঢুকে ফুটপাতের ভাতের হোটেলে ধাক্কা মারে। উত্তেজিত এলাকাবাসী চালক ও গাড়িতে থাকা এক মহিলাকে মারধর করে। স্থানীয়দের অভিযোগ, গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে গড়িয়াহাট থানার পুলিশ দু’জনকে উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিরার রাত ৮টা ১৫ নাগাদ গাড়িটি গোলপার্কের কাছে একটি মিষ্টির দোকানের গলি থেকে প্রথমে নো এন্ট্রিতে ঢুকে পড়ে। সেখান দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় ফুটপাতে একটি রুটির দোকানে সজোরে ধাক্কা মারে। রুটি তৈরি করতে ব্যস্ত ছোটেলাল পাসোয়ান ও অঞ্জলি গুপ্ত জখম হন। তবে দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা তিন শিশু বরাতজোরে রক্ষা পেয়েছে। সেখান থেকে দ্রুত পালানোর জন্য একটি গলিতে ঢুকে পড়ে গাড়িটি। সেখানে ফুটপাতের উপরে থাকা একটি ভাতের হোটেলে ধাক্কা মারে। ওই হোটেলের মহিলা কর্মী পাশের দোকানে চা খেতে যাওয়ায় বরাতজোরে বেঁচে যান। স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে আটকায়। গাড়ির পিছনের সিটে বসা তিন মহিলা কোনোভাবে দরজা খুলে চম্পট দেয়। কিন্তু চালক ও সামনের সিটে থাকা মহিলা পালাতে পারেননি। গাড়ি থেকে নামিয়ে স্থানীয়রা তাঁদের মারধর করে বলে অভিযোগ। পরে গড়িয়াহাট থানার পুলিশ এসে গাড়িটি আটক করার পাশাপাশি চালক ও তাঁর সঙ্গে থাকা মহিলাকে থানায় নিয়ে যায়।



