নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে অভিযান শুরু করল বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই অভিযানে মিলল সাফল্যও। রবিবার ইকোপার্ক থানার পুলিশ নিউটাউন এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় ৩৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। গাড়িটি আটক করার পাশাপাশি একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। তিনি কোথা থেকে বাজিগুলি কিনেছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ বাজি বিক্রি, মজুত এবং পাচার হচ্ছে কি না, এই তিনটি বিষয়ের উপরেই নজর রাখা হচ্ছে। প্রতিটি থানাকেও সতর্ক করা হয়েছে। স্পেশাল অভিযানও শুরু হয়েছে। অনেক সময় লুকিয়ে বিক্রি করার একটি প্রবণতা থাকে। সেই বিষয়টির উপরেও নজর রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিষিদ্ধ শব্দবাজির প্রতি অনেকের আকর্ষণ রয়েছে। অন্য মানুষকে হয়রানি করে কীসের আনন্দ? শুধু কী মানুষ, পশু-পাখি, পোষ্য সকলেরই অসুবিধা হয়। পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়। কলকাতা এমনিতেই তীব্র দূষণের শিকার। কালীপুজোর সময় সেই দূষণ আরও বেড়ে যায়। তাই নাগরিকদেরও উচিত, নিষিদ্ধ শব্দবাজি পরিত্যাগ করা। আর পুলিশের কাছে আমাদের আবেদন, নিষিদ্ধ বাজি তৈরির চক্রের মাথাদের গ্রেপ্তার করুন। তাহলে এই দূষণ অনেকটাই কমানো সম্ভব।
পুলিশ জানিয়েছে, গাইডলাইন মেনে গ্রিনবাজি ব্যবহার করা যেতে পারে। কিন্তু, নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করলে, কিনলে, ব্যবহার করলে, মজুত করলে, পাচার করলে আইনি পদক্ষেপ করা হবে।



