অর্ণবের পর এবার ঘূর্ণিঝড় মুরাসু, আজ মধ্যরাতেই ল্যান্ডফলের সম্ভাবনা
  • ২ নভেম্বর, ২০২৬ ০৫:৩২
Prefer us on Google

কলকাতা, ২ নভেম্বর: শক্তি বাড়িয়ে ‘মুরাসু’ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অর্ণবের মত মুরাসুও আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। আজ মাঝরাতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে ল্যান্ডফলের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ রাত ১১:৩০ থেকে কাল ভোর ৪:০০-র মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর ও নরসাপুরের মধ্যে, ওঙ্গোলের কাছে, ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়, দমকা ১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় মুরাসু।

Advertisement

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা সহ দশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে।

সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি নিচের তিন জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। 

পশ্চিমবঙ্গ উপকূলে মৎসজীবীদের কোনও সতর্কতা না থাকলেও ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।