নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১০ জুলাই নবান্নে আসবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রাণ কেড়েছে ২৬ ভারতীয় পর্যটকের। তাঁদের মধ্যে তিনজন বাংলার। এই আবহে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ৪ টে থেকে ৪.৪৫ এর মধ্যে এই বৈঠক হওয়ার কথা। সূচিতে কোনও বদল না হলে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে নবান্নতেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এনআরসি থেকে শুরু করে দেশের সাম্প্রতিক একাধিক রাজনৈতিক ইস্যু নিয়ে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। কাশ্মীরে যাওয়া পর্যটকদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গের। পহেলগাওঁ জঙ্গি হামলার পর ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটন। ভূস্বর্গে ফের পর্যটকদের ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ওমর আবদুল্লার সরকার। ফলে এই বিষয় নিয়েও দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।