নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তার পাশে ডিভাইডারের নীল-সাদা রং মুছে হয়ে গিয়েছে কালো-হলুদ-সাদা। শহরকে সাজাতে নানান পরিকল্পনা নিচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কখনও পার্কে পার্কে ঘুরছেন। কখনও বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখছেন ঠিকভাবে তদারকি করা হচ্ছে কিনা। এবার তিনি জানালেন তাঁর নতুন পরিকল্পনার কথা। বদলের বাংলায় পরিবর্তন হতে চলেছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ট্যাংরার চায়না টাউনের লুক। কথা হয়েছে চীনের জেনারেল কনসোলের সঙ্গেও, এমনটাই জানালেন অগ্নিমিত্রা। বললেন, সকলের সহযোগিতা নেওয়া হচ্ছে। এতে লুক আগের তুলনায় অনেক সুন্দর হবে।
শুধু তাই নয়, রাস্তার ধারে সব দোকানের লুক কেমন হবে? সেটাও জানালেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, সব লুক একরকমের হোক। আজ, বৃহস্পতিবার পাটুলিতে ১৬টি নবনির্মিত ফুড স্টলের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘এটা স্ট্রিট ফুড স্ট্রিট’। ইএম বাইপাসের পাশাপাশি টালাতেও এই পরিকল্পনা রয়েছে, জানালেন অগ্নিমিত্রা। তিনি আরও বলেন, দমদমে বিনিয়োগকারীরা বিমানবন্দর থেকে বের হলে একটা খারাপ লুক দেখতে পান। আমি চাই সব দোকানের একইরকমের লুক হবে। ত্রিপল কিংবা ভাঙা বাঁশ দিয়ে নয়, দোকানগুলিকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে গোটা রাজ্যে।
হকরাদের রিলোকেশন এবং তাদের কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করলেন পুর মন্ত্রী। তিনি বলেন, ‘আমি দোকান বানিয়ে দেবো, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এফএসএসএআই-এর নিয়ম মানতে হবে।’
তৃণমূলের শাসনকালে বলা হয়েছিল কলকাতাকে বানানো হবে লন্ডন। এরপরে রাজ্যে পালাবদলের পরে ক্ষমতায় বিজেপি। অগ্নিমিত্রা পাল বলেন, ব্যাংকক খুব সুন্দর করে হকারদের জন্য দোকান বানিয়েছে। থাইল্যান্ডের জেনারেল কনসোলের সঙ্গে কথা হয়েছে। ব্যাংককের আর্কিটেক্ট নিয়ে এসে নতুন লুকে তুলে ধরা হবে এবার শহর কলকাতার হকারদের জন্য বানানো দোকানগুলিকে। তবে পুরানো হকাররা যাঁরা রয়েছেন তাঁদের রিলোকেশনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।



