সংবাদদাতা, মালদহ: এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টায় ঘটনায় নতুন করে নাম জড়াল খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মইনুল শেখের। মানিকচকের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত এই মইনুল। এখনও সে জেল হেফাজতে রয়েছে। এবার ওই খুনের ঘটনার প্রধান সাক্ষী আতিমুল মোমিনকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল মইনুলের ছেলে শাহিদ শেখের বিরুদ্ধে। এদিকে গুলিবিদ্ধ আতিমুল আপাতত বিপদ মুক্ত বলে জানা গিয়েছে। ইংলিশবাজার থানায় ইতিমধ্যে মইনুলের ছেলে শাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আতিমুলের পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ইংলিশবাজার থানার কানাইপুরে একটি পেট্রোল পাম্পের কাছে পিঠে গুলি করা হয় আতিমুলকে। দুই দুষ্কৃতী বাইকে এসে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। দ্রুত আতিমুলকে মালদহ মেডিক্যালের ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়।
এদিকে, আতিমুলকে গুলি করার ঘটনায় মইনুলের পরিবারকেই দায়ী করেছেন আত্মীয়রা। আতিমুলের ভাই আশফাক মোমিনের দাবি, ১০ জুলাই ইংলিশবাজার থানার লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আজাদকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম সাক্ষী এই আতিমুল। তিনি ওই খুনের প্রত্যক্ষদর্শী।
আশফাক বলেন, এরপর থেকেই মইনুলের পরিবারের পক্ষ থেকে আমাদের মুখ বন্ধ করার টোপ দেওয়া হয়। ইনাম হিসেবে কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাবও আসে একাধিকবার। কিন্তু আতিমুল সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতেই তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে।
অন্যদিকে, মইনুলের ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁকে নতুন করে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে। গুলি করে খুনের চেষ্টার অভিযোগ আসলে একটা নাটক।
তৃণমূলের অন্দরের এই গোষ্ঠী সংঘর্ষ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে ইংলিশবাজারে। জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আমরা চাই পুলিশ দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক। খুনিদের যেন রেয়াত না করা হয়। দুষ্কৃতীদের খুনোখুনির চেষ্টা নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিজেপি। তাতে লাভ হবে না।
অন্যদিকে, মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূলের ভিতরে গৃহযুদ্ধ চলছে। নিজেরাই নিজেদের খুন করছে। খুব তাড়াতাড়ি এই দলটাই উঠে যাবে। সবাই বুঝে গিয়েছেন তৃণমূল শুধু দুর্নীতিগ্রস্তদের দলই নয়, সমাজবিরোধীদের আশ্রয়স্থল।