নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এসআইআর শুনানি চলাকালীন আচমকা নিয়ম বদল নির্বাচন কমিশনের! যার ফলে চরম বিভ্রান্তির মুখে মুর্শিদাবাদের ভোটাররা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি নয়। কারণ, তা এসআইআরের শুনানির গ্রহণযোগ্য নথির তালিকাভুক্ত নয়। আর সেই নির্দেশিকা এসেছে শুনানি শুরুর প্রায় তিন সপ্তাহ পর। অথচ শুনানির শুরু থেকেই অ্যাডমিট কার্ড জমা নেওয়া হচ্ছিল স্কুল সার্টিফিকেট হিসেবে। ফলে তাঁদের ভবিষ্যৎ কী?
মুর্শিদাবাদের বাসিন্দা অজয় দে বলেন, শুনানির সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলাম। অন্য নথি থাকলেও নতুন সিদ্ধান্তে আবার শুনানিতে ডাক পড়লে চরম সমস্যায় পড়তে হবে।
কমিশন নির্ধারিত নথির তালিকায় স্কুল সার্টিফিকেটের উল্লেখ রয়েছে। তাই বোর্ড নির্ধারিত মাধ্যমিকের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও পাশ সার্টিফিকেটই এতদিন গ্রহণ করা হচ্ছিল। সেই ভরসাতেই রাজ্যজুড়ে হাজার হাজার ভোটার শুনানিতে সেই নথি জমা দিয়েছেন। কিন্তু, হঠাৎ করে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিকেই অযোগ্য ঘোষণা করায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র অ্যাডমিট কার্ড দেখিয়ে আর কেউ নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে পারবেন না। নথি জমা নেওয়ার পর তা বাতিল করার এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল সরাসরি ‘তুঘলকি ফরমান’ বলে কটাক্ষ করেছে।



