ভোপাল, ১ এপ্রিল: রাজ্যের ১৯টি ধর্মীয় শহরে মদ বিক্রি নিষিদ্ধ করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আজ, মঙ্গলবার ১ এপ্রিল থেকে লাগু হবে এই নতুন নিয়ম। উজ্জয়িনী, চিত্রকূট, অমরকণ্টক, দাতিয়া, পান্না, মণ্ডলা, মুলতাই, মন্দসৌর, মৈহার, ওমকারেশ্বর, মণ্ডলেশ্বর, ওর্চা, মহেশ্বর, সল্কনপুর, বর্মনকলা, বর্মনখুর্দের মতো ধর্মীয় স্থানে আজ, থেকেই পুরোপুরি বন্ধ মদ বিক্রি। এই বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, গত ২৪ শে জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আজ, মঙ্গলবার থেকে সেই নিয়ম লাগু হয়েছে। এই কারণে মধ্যপ্রদেশে আনা হয়েছে নতুন আবগারি নীতিও। যাতে স্পষ্ট করে বলা হয়েছে, ওই ১৯টি শহরে নতুন করে কাউকে মদ বিক্রির লাইসেন্স দেওয়া যাবে না। একই সঙ্গে ওই এলাকাগুলিতে থাকা মদের দোকানগুলি বন্ধ করে দিতে হবে। অপরদিকে এই নতুন নিয়ম লাগুর ফলে সরকারের রাজস্ব ঘাটতি হতে পারে। তাই রাজ্যের বাকি জায়গায় মদের দাম বৃদ্ধি করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে করে রাজস্ব ঘাটতি আটকানো যায়। ওই ১৯টি শহরের পুর ও পঞ্চায়েত এলাকাতেও মদ বিক্রি করা যাবে না বলেই জানিয়েছে মধ্যপ্রদেশের প্রশাসন। আপাতত ১৯টি শহরে মদ বিক্রি নিষিদ্ধ হলেও আগামী দিনে এই তালিকা বাড়ানো হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।