নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে ১৩ আগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল লাগোয়া এলাকায় ফের একটি নিম্নচাপ তৈরি হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটির প্রভাব দক্ষিণবঙ্গে কতটা পড়বে তা নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নির্ভর করছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশের পর এটি মধ্য ভারতের দিকে সরে গেলে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ প্রভাব পড়বে না বলে তাঁরা মনে করছেন। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ওড়িশা উপকূলের দিকে গেলে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় কিছুটা প্রভাব পড়তে পারে নিম্নচাপের। আগস্ট মাসে বঙ্গোপসাগরে প্রথম নিম্নচাপ হতে চলেছে এটি। জুন মাসে বর্ষা প্রবেশের পর এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে মোট ৬টি নিম্নচাপটি তৈরি হয়েছে। সবগুলিই হয়েছে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে। নিম্নচাপগুলির এই অবস্থানের জন্য দক্ষিণবঙ্গ ও উত্তর ওড়িশার সংলগ্ন এলাকা এবং ঝাড়খণ্ডে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষা মরশুমে বৃষ্টির ঘাটতি আছে। সামগ্রিকভাবে রাজ্যে অবশ্য স্বাভাবিকের থেকে ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের নিরিখে এক নম্বরে আছে বাঁকুড়া জেলা (১০৮৯.৩ মিমি)। সেখানে স্বাভাবিকের থেকে ৬৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গোটা রাজ্যের নিরিখে এই সময়ে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে (১৩২৮.৬)। কলকাতায় বৃষ্টির পরিমাণ ১০২৩.৬ মিমি (স্বাভাবিকের থেকে ৩৮ শতাংশ বেশি)। আগস্টের প্রথম সপ্তাহে রাজ্যে সামগ্রিকভাবে স্বাভাবিকের থেকে ৬৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আপাতত ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মধ্য বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তর প্রভাব রাজ্যের উপর পড়ছে।