Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শীঘ্রই বালুরঘাট হাসপাতালে চালু হবে স্বল্পমূল্যে রাত্রিবাস পরিষেবা

বালুরঘাট হাসপাতালে স্বল্পমূল্যে রাত্রিবাসের পরিষেবা শীঘ্রই চালু হচ্ছে।

শীঘ্রই বালুরঘাট হাসপাতালে চালু হবে স্বল্পমূল্যে রাত্রিবাস পরিষেবা
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট হাসপাতালে স্বল্পমূল্যে রাত্রিবাসের পরিষেবা শীঘ্রই চালু হচ্ছে। অভিজাত রেস্তরাঁর ধাঁচে ঝাঁ চকচকে পরিবেশে মিলবে অল্প টাকায় ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার। ইতিমধ্যে ভবনে যাবতীয় কাজ শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের দিন অথবা তার কয়েক দিনের মধ্যে পরিষেবা চালু করা হবে। 

Advertisement

২০২১ সালে হাসপাতালের বর্হিবিভাগের পাশে তিনতলা এই ভবনের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করলেও দীর্ঘ চারবছর পরিষেবা চালু করতে পারেনি প্রশাসন। অবশেষে রোগীর পরিজনদের কথা মাথা রেখে দ্রুত পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ৫০ শয্যা বিশিষ্ট ডরমেটরিতে থাকার জন্য প্রতিরাতে ৫০-৭০ টাকা ধার্য করা হতে পারে। পাশাপাশি চিকিৎসক নার্স সহ হাসপাতালের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, স্বাস্থ্য দপ্তরের তরফে আমাদের দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে একটি এজেন্সির সঙ্গে চুক্তি করেছি। খুবই সামান্য মূল্যে রোগীর আত্মীয়রা থাকা ও খাওয়ার সুবিধে পাবেন।
কুমারগঞ্জের বাসিন্দা আসিফ মণ্ডল বলেন, হোটেলে থাকতে গেলে ৪০০ টাকা খরচ করতে হয়। যদি ১০০ টাকার কমে থাকা যায় তাহলে ভালোই হয়। 
জানা গিয়েছে, প্রথম তলায় দু’টি ক্যান্টিন থাকছে। একটি এসি, একটি নন এসি। সেখানে চা, কফি থেকে এগরোল, রুটি-সব্জি থেকে অমলেট, চাউমিন-সমস্ত কিছু মিলবে। সকাল ১০ টা থেকে মিলবে ৫০ থেকে ৭০ টাকায় মাছ ভাত।  ১০০ টাকার মধ্যে থাকছে চিকেন ও মাংস ভাত। সকাল থেকে রাত পর্যন্ত খাবার পাওয়া যাবে। হাসপাতাল চত্বরে খাবার ডেলিভারিও করা হবে। 
দোতলায় দু’টি রুমে ডরমেটরি থাকছে। মহিলা ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক তলায় বাথরুম তৈরি করা হয়েছে। শৌচাগারের পাশাপাশি স্নান করার সুযোগ থাকছে। মূলত বালুরঘাট হাসপাতালে রোগীদের থাকার জন্য সৌহার্দ্য নামক একটি ভবন রয়েছে। যা পুরো চিকিৎসকদের একাংশে দখলে রয়েছে। যার কারণে রোগীর আত্মীয়দের হাসপাতালে সামনে বিশ্রামাগারে রাত্রিবাস করতে হয়।  বালুরঘাট হাসপাতালের বর্হিবিভাগের পাশে রাত্রিবাসের জন্য প্রস্তুত ডরমেটরি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ