Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মেয়েকে সেঞ্চুরি উপহার লোকেশের

টেস্টে ব্যাট হাতে দুরন্ত ফর্ম অব্যাহত লোকেশ রাহুলের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উপহার দিলেন ঝকঝকে শতরান। দীর্ঘ প্রায় ৯ বছর পর দেশের মাটিতে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন তিনি।

মেয়েকে সেঞ্চুরি উপহার লোকেশের
  • ৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: টেস্টে ব্যাট হাতে দুরন্ত ফর্ম অব্যাহত লোকেশ রাহুলের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উপহার দিলেন ঝকঝকে শতরান। দীর্ঘ প্রায় ৯ বছর পর দেশের মাটিতে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন তিনি। সেলিব্রেশনও সারলেন অভিনব ভঙ্গিতে। ব্যাট উঁচিয়ে জার্সিতে ভারতের ব্যাজে চুমুর পর বাচ্চাদের মতো দুই আঙুল ভরে দেন মুখের মধ্যে। দিনের শেষে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে লোকেশের জবাব, ‘মেয়ের জন্যই এমন সেলিব্রেশন।’ রাহুলের সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্ত্রী আথিয়াও। ক্যাপশনে লেখেন, ‘দ্য বেস্ট ফর হিজ বেস্ট।’

Advertisement

২০২৩ সালে সুনীল শেঠির কন্যা আথিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লোকেশ। ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করেন তারকা দম্পতি। চলতি বছর ২৪ মার্চ কন্যাসন্তান ইভারার জন্ম দেন আথিয়া। তারপর থেকেই লোকেশকে আরও পরিণত দেখাচ্ছে। ব্যাটিংয়েও ধারাবাহিকতা বেড়েছে। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে অনবদ্য ছন্দে ছিলেন তিনি। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরেও শতরান হাঁকান। ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবারও জ্বলে উঠলেন তিনি। রাহুল বলছিলেন, ‘সত্যি বলতে ভারতীয় এ দলের হয়ে খেলার সময় একটু নার্ভাস ছিলাম। কারণ, ৫-৬ সপ্তাহ পর মাঠে নেমেছিলাম। এদিন কন্ডিশন অপেক্ষাকৃত সহজ ছিল। তাই ব্যাটিং উপভোগ করেছি। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ ড্র করেছিলাম আমরা। সেখানে রান পাওয়ায় অবশ্যই আত্মবিশ্বাস বেড়েছিল। চলতি সিরিজে তা কাজে এসেছে। আগামী দিনেও এই ছন্দ ধরে রাখতে বদ্ধপরিকর।’
২০১৬ সালে দেশের মাটিতে শেষবার শতরান হাঁকিয়েছিলেন লোকেশ। দীর্ঘ খরা কাটিয়ে শুক্রবার ফের সেঞ্চুরির স্বাদ পেলেন ঘরের মাঠে। এই প্রসঙ্গে ভারতীয় তারকার মন্তব্য, ‘এত লম্বা বিরতির সঠিক কারণ জানা নেই। তবে হ্যাঁ, গত এক-দু’বছর ব্যাটিংয়ে উন্নতির দিকে খুব জোর দিয়েছি। এখন বাইরের বিষয় নিয়ে চিন্তা করে চাপ বাড়াই না। বরং খেলাটাকে উপভোগ করাই লক্ষ্য থাকে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ