গুরুতর চোট পেয়ে ১০ সপ্তাহের জন্য বাইরে এডমুন্ড, ঘরের মাঠে কোনোক্রমে ড্র ইস্ট বেঙ্গলের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-২              :               এসসি দিল্লি-২
(এডমুন্ড, লোবা)             (ফোর্টেস, আশুতোষ)

Advertisement

শিবাজী চক্রবর্তী, কলকাতা: দীপাবলির আগে ইস্ট বেঙ্গলে অন্ধকার নামিয়েছিল চেন্নাইয়ান। জগদ্ধাত্রী পুজোর আবহেও আঁধার কাটল না হাবাসের দলে। ঘরের মাঠে দু’বার পিছিয়ে পড়ে এসসি দিল্লির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করলেন রামিরেজরা। কোনোক্রমে মানরক্ষায় ১ পয়েন্ট হয়তো এল, তবে খেলার যা ছিরি তাতে ডার্বির আগে কট্টর লাল-হলুদ সমর্থকও আশাবাদী হবেন না। তার উপর কবজি ভেঙে অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন এডমুন্ড। সবমিলিয়ে খারাপ সময় কাটছে না ইস্ট বেঙ্গলের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এখনই খোঁড়াচ্ছে ইস্ট বেঙ্গল। জিকসনরা একেবারে সাদামাটা। বরিস, রেনিয়ারদের আর কবে ব্যবহার করবেন হাবাস?
ঘরের মাঠে কামব্যাকে মরিয়া ছিলেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। দ্রুত লক্ষ্যভেদ চেয়েছিলেন তিনি। সে জন্য পোলিশ স্ট্রাইকার লুকাসকে এদিন শুরু থেকেই খেলানো হয়। ৫ মিনিটে বিপিনের সেন্টার থেকে লুকাসের হেড বাইরে যায়। বাকি সময়টা হেঁটে বেড়ালেন। তাঁকে সুযোগ দিতে গিয়ে লোবাকে বসিয়ে রাখা যুক্তিহীন। এরমধ্যে ১৮ মিনিটে বিপক্ষ বক্সের কোনা থেকে নেওয়া রামিরেজের শট পোস্টে প্রতিহত হয়। এই পর্বে দিল্লির দুই স্টপার ডুভান ও স্যাভিও চোট পেয়ে বাইরে যান। তবে তার ফায়দা তুলতে ব্যর্থ জিকসনরা। লিড নেওয়ার পরিবর্তে ৩০ মিনিটে গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। পেনার থ্রু পাসে তখন হাবাসের রক্ষণ ফালাফালা। আইমেনকে রুখতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন রশিদ। কালবিলম্ব না করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে জাল কাঁপাতে ভুল করেননি ফোর্টেস (১-০)। বিরক্তিতে ডাগ-আউটে তোয়ালে আছড়ে ফেললেন হাবাস। যাইহোক, গোল হজম করে খানিকটা গা-ঝাড়া দিল হাবাস ব্রিগেড। ৪০ মিনিটে আশুতোষ মেহতাকে ইনসাইড, আউটসাইড করে দুরন্ত শটে জাল কাঁপান এডমুন্ড (১-১)। লাল-হলুদের স্পার্কে তখন দিশেহারা দিল্লি। প্রথমার্ধের সংযোজিত সময়ে জয় গুপ্তার শট পোস্ট কাঁপিয়ে বাইরে যায়। অন্যথায় বিরতির আগেই মূল্যবান লিড পেতে পারত ইস্ট বেঙ্গল। 
অনেকেই ভেবেছিলেন, বিরতির পর আরও চাপ বাড়াবে ইস্ট বেঙ্গল। কোথায় কি! বরং খেলা ধরে নিল দিল্লি। হাবাস ব্রিগেডের ইঞ্জিন হলেন রামিরেজ। তিনি দাঁড়িয়ে যেতেই ছন্নছাড়া জিকসনরা। মাঝমাঠ ও স্ট্রাইকার লাইনে লম্বা গ্যাপ তৈরি হল। এসবের মধ্যেই ৬৬ মিনিটে ফের গোল তুলে নেয় দিল্লি। আইমেনের কর্নার থেকে রড্রিগুইনহোর হেড আংশিক ঠেকালেও বিপন্মুক্ত করতে পারেননি গিল। তা ধরে জাল কাঁপাতে ভুল করেননি অরক্ষিত আশুতোষ মেহতা (২-১)। অবসরের মুখে দাঁড়ানো আশুতোষকে মার্কিংই করেননি জিভুলিচরা। বিপদ বুঝে মরিয়া হাবাস একই সঙ্গে তিনটি পরিবর্তন করলেন। লোবা, ডেভিড ও বিষ্ণুকে নামানোর পর ঝাঁকুনি দিল ইস্ট বেঙ্গল। জটলা থেকে স্লাইড করে ২-২ করলেন একে লোবা।
ইস্ট বেঙ্গল: গিল, হার্দিক, লালচুংনুঙ্গা, জিভুলিচ, জয়, জিকসন (ডেভিড), রশিদ, রামিরেজ, বিপিন, এডমুন্ড (বিষ্ণু) ও লুকাস (লোবা)।