নিয়ঁ: ২০২৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্সকে ছিটকে দিয়েছিল স্পেন। এবার কিলিয়ান এমবাপেদের কাছে বদলা নেওয়ার সুযোগ। নেশনস লিগের শেষ আটে স্প্যানিশ ব্রিগেডের মুখোমুখি হচ্ছে জিনেদিন জিদানের দল। ২৬ মার্চ ঘরের মাঠে প্রথম লেগে খেলবে লুই ডে লা ফুয়েন্তের বিশ্বচ্যাম্পিয়নরা। আর ফ্রান্সের মাটিতে ফিরতি লেগ ২৯ মার্চ। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হয়েছিল ফ্রান্সকে। কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসেরা দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু, সেমি-ফাইনালে লামিনে ইয়ামালদের তিকিতাকার সঙ্গে পেরে ওঠেনি দিদিয়ের দেশঁর দল। ০-২ গোলে হেরে মেগা আসর থেকে বিদায় নেন এমবাপেরা। বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব নিয়েছেন জিদান। জিজুর অধীনে ফরাসি ব্রিগেড আরও ধারালো। নেশনস লিগের সেমি-ফাইনালে এবার তারা স্প্যানিশ আর্মাডাকে হারাতে পারে কিনা, সেটাই দেখার।
শুক্রবার সুইৎজারল্যান্ডের নিয়ঁতে অনুষ্ঠিত হয়েছে নেশনস লিগের শেষ আটের ড্র। অপর সেমি-ফাইনালে নরওয়ের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে চমক দিয়েছিল আর্লিং হালান্ডের নরওয়ে। নেশনস লিগেও ছন্দ বজায় রেখেছে তারা। ইংল্যান্ডও বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলেছিল। কিন্তু, আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হ্যারি কেনদের। সেই আক্ষেপ ভুলে এবার নেশনস লিগের ট্রফিতে চোখ থ্রি লায়ন্সদের। অন্যদিকে, নেশনস লিগের শেষ আটে জার্মানি খেলবে বেলজিয়ামের বিপক্ষে। বিশ্বকাপে জার্মানদের পারফরম্যান্স খুবই সাদামাটা ছিল। তার জেরে ছাঁটাই হতে হয়েছে কোচ জুলিয়ান নাগেলসম্যানকে। দায়িত্ব নিয়েছেন জুরগেন ক্লপ। তাঁর অধীনে নেশনস লিগে দুরন্ত ছন্দে ফ্লোরিয়ান রিৎজরা। অপর ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।



