হংকং: ট্রফি জয়ের হ্যাটট্রিকের পথে লক্ষ্য সেন। শুক্রবার হংকং ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার। আর তার সঙ্গে কার্যত নিশ্চিত হয়ে গেল তাঁর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলা। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লো কিং ইউকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে সেমি-ফাইনালের টিকিট পাকা করলেন লক্ষ্য। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৭, ১০-২১, ২১-১৩। উল্লেখ্য, এর আগে হাইলো ও কুমামোটো মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেই ছন্দ বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী লক্ষ্য। তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে ছাড়পত্র পেয়ে ভালো লাগছে। তবে আত্মতুষ্ট হচ্ছি না। ’ পাশাপাশি পুরুষদের ডাবলসের শেষ চারে উঠলেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। চীনের হু কে ইউয়ান ও লিন সিয়াং ইকে ৫৯ মিনিটের লড়াইয়ে হারান তাঁরা। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ২১-১২, ১৩-২১, ২১-১৬।



