নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলকাতার আকাশের এখন মুখ ভার। সকাল থেকে সন্ধ্যা— বৃষ্টির বিরাম নেই। আর তা মাথায় করেই শুক্রবার সকালে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন সারল মোহন বাগান। আগামী রবিবার গোয়াতে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। তারই মহড়া সেরে নিলেন কোচ পানাজিওটিস ডিম্পেরিস। সেখানে সবার নজর ছিল মিগুয়েলের দিকে। ব্রাজিলিয়ান মিডিও’র চোট কি সেরেছে? সাহালের অনুপস্থিতিতে পরের ম্যাচে তিনিই কি পানোসের নম্বর ১০? ওয়ার্ম আপের সময় মিগুয়েলকেও বেশ চনমনে লাগছিল। কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস শুরু হতেই আশাভঙ্গ! দলছুট হয়ে স্রেফ চক্কর কেটে গেলেন সারা মাঠে। আসলে ডার্বির আগে তাঁকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না পানোস। সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ স্পষ্ট জানালেন, ‘মিগুয়েল এখনও পুরোপুরি ফিট নয়। চার্চিল ম্যাচে নেই। ওকে নিয়ে ঝুঁকি নেব না।’ অর্থাৎ, শনিবার ব্রাজিলিয়ান মিডিওকে ছাড়াই গোয়ার উড়ান ধরবেন বিশাল-মনবীররা।
পাঁচটি ম্যাচের মধ্যে ৪টি’তে জিতে আইএসএল টেবিলে দ্বিতীয় স্থানে মোহন বাগান। আন্তর্জাতিক বিরতির পর ছন্দপতনের সম্ভাবনা থাকে। তবে তা সাংবাদিক সম্মেলনে উড়িয়ে দিয়েছেন কোচ। তিনি বলেন, ‘এই বিরতিটা আমাদের জন্য খুব দরকার ছিল। কারণ অনেক ফুটবলারই চোট, অসুস্থতায় ভুগছিল। বিশ্রামের সুবাদে রিকভারির অনেকটা সময় পেয়েছে তারা। আলাদা করে উল্লেখ করব লি আরউইনের কথা। ও তো চোট নিয়েই খেলছিল। আপুইয়াও এখন সুস্থ। আর বিরতির পর ছন্দপতনের সম্ভাবনা সব টিমেরই থাকে। তেমনটা যাতে না হয় তার জন্য সম্প্রতি একটি প্র্যাকটিস ম্যাচও খেলেছি আমরা।’ এদিন অনুশীলনে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগল ফুটবলারদের। শিবিরে যোগ দিয়েছেন ভারতকে স্যাফ চ্যাম্পিয়ন করার অন্যতম কাণ্ডারি সুহেল ভাটও। কোচ তাঁকে প্রশংসায় ভরালেন। পানোসের কথায়, ‘স্যাফ চ্যাম্পিয়ন দলকে অনেক অভিনন্দন। সুহেলের জন্যও গর্বিত। ও খুবই পরিশ্রমী ফুটবলার। ফিনিশিংয়ে আরও উন্নতির লক্ষ্যে যথেষ্ট কাজ করেছি আমরা। তার সুফল মিলছে। আগামী দিনে ক্লাবের হয়েও আরও বেশি সুযোগ ওকে দেওয়া হবে।’
এছাড়া লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে ফিরেছেন। ফল মধুর না হলেও দু’টি ম্যাচ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ভারতীয় ফুটবলাররা। এই প্রসঙ্গে লিস্টন বলছিলেন, ‘জাতীয় দলে প্রত্যাবর্তনের অভিজ্ঞতা দারুণ ছিল। প্রত্যাশিত ফল আসেনি ঠিকই, তবে আমরা সেরাটা মেলে ধরার চেষ্টা করেছি। আসলে দু’দলের কোয়ালিটির বিস্তর ফারাক। তবুও দু’টি ম্যাচের অভিজ্ঞতা আগামী দিনে কাজে লাগবে।’



