Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৯০ লক্ষে সাজবে মালিবাগান ও জংলিকালীবাড়ি পার্ক

৯০ লক্ষে সাজবে মালিবাগান ও জংলিকালীবাড়ি পার্ক
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের দু’টি পার্ক সাজিয়ে তুলবে পুরসভা। এজন্য বরাদ্দ হয়েছে ৯০ লক্ষ টাকা। শহরের মালিবাগান ও জংলিকালীবাড়ি পার্কে নতুন করে খেলার সরঞ্জাম সহ ফোয়ারা বসানো হবে। পার্কের সৌন্দর্যায়নে বসানো হবে মূর্তিও। শীতকালে পার্কগুলিতে ভিড় বেশি হয়। তাই জানুয়ারি মাসের মধ্যে পার্ক সাজানোর কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। জংলিকালীবাড়ি পার্কটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মালিবাগানে প্রচুর ভিড় হলেও এখানকার খেলনাগুলির সিংহভাগই ভেঙে গিয়েছে। পার্কটি নতুন করে সাজানোর দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন বাসিন্দারা। 
Advertisement
শহরের প্রাণকেন্দ্রে রয়েছে মালিবাগান পার্কটি। দীর্ঘ কয়েক বছরে শিশুদের জন্য থাকা খেলনাগুলি বদলায়নি পুরসভা। এখানে রয়েছে প্রবেশমূল্যও। তার পরেও ভাঙাচোরা খেলনা না পাল্টানোয় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। অপরদিকে, জংলিকালীবাড়িতে যে পার্কটি রয়েছে সেটিতে কোনও খেলনাই নেই। ঝোপজঙ্গলে ভর্তি। তবে পুরসভা জানিয়েছে, বরাদ্দ না মেলায় এতদিন পার্ক দু’টি সংস্কার করা সম্ভব হয়নি। এবারে দু’টি পার্ক নতুন করে সাজিয়ে তোলা হবে। বসানো হবে ফোয়ারা। শিশুদের জন্য একাধিক খেলনাও নিয়ে আসা হবে। জংলিকালীবাড়ির পার্কটির সংস্কার হলে শহরের ১, ২ ও ৪ নম্নর ওয়ার্ডের শিশুদের সুবিধা হবে। ফলে মালিবাগান পার্কে ভিড় কিছুটা কমবে। 
এ ব্যাপারে মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, আমরা শহরের দু’টি পার্ক নতুন করে সাজিয়ে তুলব। এজন্য বরাদ্দ মিলেছে ৯০ লক্ষ টাকা। পার্ক দু’টি নতুন করে সাজিয়ে তোলার কাজ শেষ হলে শিশুদের খেলার জায়গার অভাব হবে না। আগামী জানুয়ারি মাসের মধ্যেই পার্ক সংস্কারের কাজ শেষ করতে চাইছি আমরা।
সম্পর্কিত সংবাদ