Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৬ লক্ষ জিতলেন কালচিনির আদিবাসী তরুণী

১৬ লক্ষ জিতলেন কালচিনির আদিবাসী তরুণী
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: একটি রিয়েলিটি শোয়ের হটসিট। সেখানে ধেয়ে আসছে একের পর এক চোখা চোখা প্রশ্ন। সেসব সঠিক উত্তর দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা জিতে নিলেন কালচিনি ব্লকের আদিবাসী তরুণী পুষ্পাঞ্জলি লোহার। এতে উচ্ছ্বাসে ভাসছে পুষ্পাঞ্জলির চা বাগান। কালচিনির গাঙ্গুটিয়া চা বাগানের জরাজীর্ণ স্যাঁতসেতে ভাঙাচোরা শ্রমিক আবাস। সেখানেই বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছোট বোন এবং মা লক্ষ্মীদেবীকে নিয়ে থাকেন পুষ্পাঞ্জলি। ছোটবেলায় বাবা মারা যান। মা বাগানে পাতা তোলেন। 
Advertisement
পুষ্পাঞ্জলি গত বছরের জুলাই মাসে বেসরকারি চ্যানেলের বিখ্যাত রিয়েলিটি শোতে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেবার অল্পের জন্য হটসিট ফসকে যায়। কিন্তু তিনি হাল ছাড়েননি। টিউশনের কস্টের টাকা দিয়ে জেনারেল নলেজের মোটা মোটা বই কিনে পড়াশুনায় ডুবে যান। মায়ের চা বাগানের শ্রমিকের কাজের সামান্য রোজগারে সংসার চলত না। তাই টিউশনের কিছু টাকা দিয়ে সংসারে মাকে সাহায্যও করেন পুষ্পাঞ্জলি।
এরপর চলতি মাসের প্রথম তারিখে ফের ওই শো থেকে ডাক আসে। এবার আর আর ভুল করেননি। সেখানে একের পর এক প্রশ্নের জবাব দিয়ে বাজিমাত করেছেন পুষ্পাঞ্জলি। জিতে নিয়েছেন একেবারে ১৫ লক্ষ ৭০ হাজার টাকা। 
হঠাৎ করে এত টাকা দিয়ে কি করবেন? পুষ্পাঞ্জলিরও চোখা চোখা উত্তর ‘কি আর করব। ছোট বোনকে হস্টেলে রেখে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে পড়াব। সবার আগে মায়ের কষ্ট দূর করব। খুব তাড়াতাড়ি একটা ছোট বাড়ি বানিয়ে মাকে উপহার দেব বলে ঠিক করেছি। 
ছোট থেকে পুষ্পাঞ্জলি প্রচুর টাকা রোজগারের স্বপ্ন দেখতেন। কিন্তু চা বাগানের শ্রমিক পরিবারের কাছে মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখা তো স্রেফ বিলাসিতা মাত্র। কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা বলেন, গাঙ্গুটিয়া চা বাগানের তরুণী পুষ্পাঞ্জলি রিয়েলিটি শো তে প্রায় ১৬ লক্ষ টাকা জিতে নিয়েছেন।
সম্পর্কিত সংবাদ