সংবাদাতা, ইসলামপুর: ভুট্টা বিক্রি শুরু হতেই ডালখোলায় যানজট শুরু। এতে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। ওজন করাতে সড়কের পাশে ধর্মকাটায় লাইন পড়ে যায় ভুট্টাবোঝাই ট্রাক, ট্রাক্টরের। ট্রেনে লোড করার জন্য কয়েকশো গাড়ি ভুট্টা বিভিন্ন এলাকা থেকে শহরে ঢুকছে। এই পরিস্থিতিতে সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ‘বাণিজ্যনগরী’ হিসেবে পরিচিত ডালখোলা। যানজটে শহরের গতি থেমে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, যানজট মেটাতে জাতীয় সড়কের বাইপাস তৈরি হয়েছে। তারপরও প্রশাসনের উদাসীনতায় যানজট হচ্ছে। যানজটে শহরের অন্যান্য ব্যবসাও মার খাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। পুর প্রশাসনের দাবি, শীঘ্রই যানজট সমস্যা মিটে যাবে। ডালখোলা ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম সরকার বলেন, প্রচুর পরিমাণে ভুট্টাবোঝাই গাড়ি ঢুকছে। ফলে তীব্র যানজট হচ্ছে শহরে। বিহার লাগোয়া এই ডালখোলা শহরে প্রতিদিন বহু মানুষ কেনাকাটা করতে আসেন। যানজটের কারণে বাইরে থেকে ক্রেতা আসছে না। এতে আমাদের ব্যবসা মার খাচ্ছে। ডালখোলা ট্রাফিক পুলিসের এক আধিকারিক বলেন, বৃহস্পতিবার থেকে সকাল ৫ টার মধ্যে বিভিন্ন জায়গায় ফোর্স দেওয়া হবে, যাতে ভুট্টাবোঝাই গাড়িগুলি মূল সড়ক ছেড়ে পার্কিং করে।



