ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল পাস
সোমবার বিধানসভার অধিবেশনে পাস হল রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় গঠন সংক্রান্ত বিল। হুগলির চুঁচুড়ায় এই বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এটি দেশের প্রথম বেসরকারি ক্রীড়া বিশ্ববিদ্যালয় হতে চলেছে। ওইসঙ্গে তিনি এও বলেন, ‘এটি একটি যুগান্তকারী বিল। তবে এই বিলটি যেন কোনওভাবেই রাজভবনের হিমঘরে আটকে না থাকে। এর আগে শিক্ষাদপ্তরের চারটি বিল বিধানসভায় পাস হয়েও রাজভবনে পড়ে রয়েছে।’
তথ্যসহ জবাব নৌশাদকে
সোমবার বিধানসভার অধিবেশনে ক্রীড়া সংক্রান্ত বিলের উপর আলোচনায় অংশ নিয়ে খেলোয়াড়দের কর্মসংস্থান বৃদ্ধির প্রসঙ্গ তোলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পাল্টা জবাব দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রের প্রসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন। খেলোয়াড়দের সম্মানিত করা হয়। তাঁদের পদক প্রাপ্তির পর চাকরি দেওয়া হচ্ছে। প্রাক্তন খেলোয়াড়দের সাম্মানিক ভাতা প্রদান করা হয়। ফলে আইএসএফ বিধায়ক সবটা না জেনে ভুল তথ্য পরিবেশন করেছেন।
অসুস্থ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী
সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভার লবিতে তিনি আচমকাই পড়ে যান এবং অচৈতন্য হয়ে পড়েন। প্রথমে লবিতে থাকা বিধায়করা ছুটে এসে মনোরঞ্জনবাবুকে তুলে ধরেন। প্রাথমিক চিকিৎসা করেন বিধানসভার চিকিৎসকরা। পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। আপাতত বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
পুরুষ কমিশন গড়ার দাবি অগ্নিমিত্রার
সোমবার বিধানসভার অধিবেশনের উল্লেখ পর্বে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় পুরুষদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে। এই অবস্থায় শিশু ও মহিলা কমিশনের মতো রাজ্য সরকার একটি পুরুষ কমিশন গঠন করুক। তাঁর ব্যাখ্যা, ‘আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় পুরুষদের ফাঁসানো হচ্ছে। পুরুষরা কাঁদতে পারে না। পুরুষরা কাঁদলে তাঁদের দুর্বলতা হিসেবে দেখানো হয়। পুরুষদের কাজ করতে হবে, সংসার চালাতে হয়। ফলে তাঁদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা দরকার।’
‘বাঘরোল জোন’ চিহ্নিত করার প্রস্তাব
হাওড়া জেলার আমতায় প্রচুর বাঘরোল রয়েছে। একটি একটি বিরল প্রজাতির বণ্যপ্রাণী। যে এলাকায় বাঘরোল বেশি এবং যেখান দিয়ে তারা যাতায়াত করে, সেই এলাকাটিকে ‘বাঘরোল জোন’ হিসেবে চিহ্নিত করা হোক। এই মর্মে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ডও দিয়ে দেওয়া হোক। এমনটাই দাবি করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বিধানসভায় বিষয়টি তুলে ধরেন তিনি।
বিধায়কদের সিনেমা দেখা
সাংসদ শতাব্দী রায় অভিনীত ‘বাৎসরিক’ সিনেমা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই ছবিটি দেখার জন্য বিধায়কদের আমন্ত্রণ জানান তিনি। তাতে সাড়া দিয়ে সোমবার নন্দনে ছবিটি দেখতে যান বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ (রানা), রাজেন্দ্রপ্রসাদ সিংহ, সুশান্ত মাহাত, আশিস মার্জিত ও জীবনকৃষ্ণ সাহা। ছবিটির বিশেষ প্রশংসাও করেন তাঁরা।