Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ, আইএসএফে যোগ দিয়েই প্রার্থী

টিকিট না পাওয়ায় আইএসএফে যোগ দিলেন দেগঙ্গার তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু।

ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ,  আইএসএফে যোগ দিয়েই প্রার্থী
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: টিকিট না পাওয়ায় আইএসএফে যোগ দিলেন দেগঙ্গার তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু। আর যোগ দিয়েই তিনি পেয়ে গেলেন দেগঙ্গায় আইএসফের হয়ে ভোটে লড়ার টিকিট। সোমবার আইএসএফের তরফে নৌশাদ সিদ্দিকি দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তখনই বিষয়টি স্পষ্ট হয়। তাঁর এই যোগদান ও আইএসএফের প্রার্থী হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলাজুড়ে। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, ‘স্বার্থান্বেষী মানুষ দলে থাকার থেকে চলে যাওয়া ভালো।’ 

Advertisement

দেগঙ্গার সোহাই-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মফিদুল হক সাহাজি। একটা সময় তিনি কংগ্রেসে ছিলেন। তারপর তৃণমূল কংগ্রেসের একাধিক দায়িত্ব সামলেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। ২৬-এর বিধানসভা নির্বাচনে দেগঙ্গায় প্রার্থীপদের অন্যতম দাবিদার ছিলেন তিনি। তাঁর অনুগামী, সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। তবে শেষ পর্যন্ত দেগঙ্গার তরুণ নেতা আনিসুর রহমান ওরফে বিদেশের উপর ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী। তারপর থেকেই কার্যত অন্তরালে চলে যান মিন্টু। তাঁর আইএসএফে যোগদান নিয়ে জল্পনা চলছিল। সোমবার ফুরফুরা শরীফে গিয়ে তিনি আইএসএফে যোগদান করেন। তিনি বলেন, ‘দল সম্মান দেয়নি। অসময়ে আমি বুক চিতিয়ে লড়াই করেছি। দলের প্রার্থীর রেকর্ড মার্জিনে জয়লাভের জন্য কাজ করেছি। কিন্তু দল পাশে দাঁড়াল না। তাছাড়া, ওওয়াকফ আইন নিয়ে তৃণমূলের অবস্থান আমাকে আঘাত দিয়েছে। তাই আইএসএফে যোগদান।’ তাঁর এই বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই আইএসএফ প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে। 
এ বিষয়ে দেগঙ্গার তৃণমূল প্রার্থী বিদেশ বলেন, ‘ওঁর দল ছাড়াতে আমরা আরও সমৃদ্ধ হলাম। দল প্রথম থেকেই মিন্টু ও তাঁর পরিবারকে দু’হাত ভরে দিয়েছে। এক ভাইকে অঞ্চল সভাপতি ও আরেক ভাইকে ব্লকের যুব সভাপতি করেছে। এক বৌমাকে পঞ্চায়েতের প্রধান ও পরিবারের একাধিক চাকরি দিয়েছে। এতকিছুর পরেও স্বার্থান্বেষী মানুষের মুখে এই ধরনের কথা মানায় না। গদ্দার চলে যাওয়ায় তৃণমূলের মার্জিন আরো বেড়ে গেল।’
প্রসঙ্গত, আইএসএফে যোগদান করার পর মফিদুল হক সাহাজিকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল। চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার।

সম্পর্কিত সংবাদ