Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়া বন্দরের ভোটে আসন কমল বাম ও কংগ্রেস জোটের

হলদিয়া বন্দরের ভোটে জয়ের ধারা বজায় রাখলেও এবার আসন কমেছে বাম সমর্থিত প্রগতিশীল জোটের

হলদিয়া বন্দরের ভোটে আসন কমল বাম ও কংগ্রেস জোটের
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া বন্দরের ভোটে জয়ের ধারা বজায় রাখলেও এবার আসন কমেছে বাম সমর্থিত প্রগতিশীল জোটের। বরং তৃণমূল অপেক্ষাকৃত ভালো ফল করেছে। শূন্য থেকে তাদের আসন বেড়ে ছ’টি হয়েছে। বন্দরের নির্বাচনে বিজেপি এবার খাতাই খুলতে পারেনি। হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে বাম কংগ্রেস মিলিজুলি প্রগতিশীল জোট কার্যত ক্ষমতা দখলের পথে। শনিবার বন্দরের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এদিন ভোট গণনা ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়াম চত্বরে। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের কড়া নজরদারিতে ওই ভোট গণনা হয়। বিকেলে ভোটের ফলাফল বেরতেই উল্লাসে মাতেন জয়ী প্রার্থীরা। 

Advertisement

২০২৩ সালের নির্বাচনে ১৯টি আসনের সবগুলিতেই জয়ী হয়ে পরিচালন সমিতির ক্ষমতা দখল করছিল বামেদের মিলিজুলি জোট। এবার ডক ইন্সটিটিউটের ১৯টি আসনের মধ্যে প্রগতিশীল জোট পেয়েছে ১৩টি আসন এবং তৃণমূলের আইএনটিটিইউসি সমর্থিত বন্দর শ্রমিক ইউনিয়নের জোট পেয়েছে ৬টি আসন। পরিচালন কমিটির ১৮ জন সদস্য ও সহ সভাপতি পদের একজন মিলিয়ে ডক ইন্সটিটিউটের মোট ১৯টি আসন রয়েছে। বাম কংগ্রেস জোট ১৩টি আসন দখল করলেও ডক ইন্সটিটিউটের সহ সভাপতির পদ তাদের অধরা থেকে গিয়েছে। ওই আসনে তারা প্রার্থীই দিতে পারেনি। সহ সভাপতি পদে তৃণমূল জোটের প্যানেলে জয়ী হয়েছেন বন্দর আধিকারিক সমীর দাশগুপ্ত। তিনি গতবার বামেদের প্যানেলে জয়ী হয়েছিলেন। শুক্রবার পুলিস ও সিআইএসএফের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে বন্দরের ভোট হয়। 
এবার জোটের ১৩টি আসনের মধ্যে কংগ্রেস সমর্থিত বন্দর শ্রমিক সংগঠন সাতটি আসন পেয়েছে। সিটু সমর্থিতরা পেয়েছে মাত্র তিনটি আাসন। বামেদের শ্রমিক নেতা বিমান মিস্ত্রি বলেন, গত দু’বছরে বামেদের সংগঠন ভালো কাজ করেছে। তার ফলশ্রুতিতে এই জয় এসেছে। বন্দরের কংগ্রেস নেতা দেবাশিস চক্রবর্তী বলেন, জোট নতুন করে ক্ষমতায় এসে আরও কাজ করতে চায় বন্দর কর্মীদের জন্য। গো হারা হেরেও বিজেপি নেতা প্রদীপ বিজলি বাম ও কংগ্রেস জোটকে কটাক্ষ করতে ছাড়েননি। বন্দরের তৃণমূল নেতা দেবপ্রসাদ মাইতি বলেন, এককভাবে লড়াই করে তৃণমূল শূন্য থেকে আসন সংখ্যা বাড়িয়েছে। বোর্ড গঠনের জন্য তৃণমূল চেষ্টা চালাচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ