Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কংগ্রেস-আইএসএফের সঙ্গে সমঝোতার প্রশ্নে ভিন্ন মত বাম শরিকদের

বামফ্রন্টের সঙ্গে কি কংগ্রেস-আইএসএফের সর্বাত্মক জোট হবে? আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

কংগ্রেস-আইএসএফের সঙ্গে সমঝোতার প্রশ্নে ভিন্ন মত বাম শরিকদের
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বামফ্রন্টের সঙ্গে কি কংগ্রেস-আইএসএফের সর্বাত্মক জোট হবে? আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি ইতিমধ্যেই আলিমুদ্দিনে গিয়ে একপ্রস্থ আলোচনা করেছেন। ওদিকে, কংগ্রেস আপাতত ২৯৪টা আসনে নিজস্ব শক্তিবৃদ্ধিতে মন দিয়েছে। সিপিএম বলেছে, কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই জোট প্রসঙ্গে বামফ্রন্টের শরিক দলগুলো এক সুরে কথা বলছে না। সম্প্রতি সিপিএমের সঙ্গে আরএসপি, ফরওয়ার্ড ব্লক ও সিপিআইয়ের আলোচনা হয়েছে। তিন শরিক কংগ্রেস-আইএসএফের প্রসঙ্গে ভিন্ন মত জানিয়েছে বলেই খবর। যদিও সিপিআই (এমএল) লিবারেশনকে নিয়ে সকলেই একমত।

Advertisement

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমরা যে ক’টা আসনে লড়ি, সেগুলোতেই লড়ব। কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করলেও, আমরা সিট ছাড়ব না। কংগ্রেস বা আইএসএফের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা বামফ্রন্ট হয়ে লড়াই করব।’ আবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘এসইউসি বাদ দিয়ে বামদলগুলোর মধ্যে সমঝোতা রয়েছে। আমাদের কংগ্রেস-আইএসএফ নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু জোট হলে সমর্থন করব।’ আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় এই বিষয়ে বলেন, ‘ইতিবাচক আলোচনা হয়েছে। কংগ্রেস ও আইএসএফকে নিয়ে আমাদের প্রশ্ন রেখেছি। তবে আমরা মানছি, কিছু এলাকায় আইএসএফ সঙ্গে থাকলে সুবিধা হয়। কংগ্রেস তো আগ্রহ দেখাচ্ছে না।’ শেষ পর্যন্ত জট কি কাটবে? তা সময়ের অপেক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ