Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুর বিধানসভা পুনরুদ্ধারে নেতা-কর্মীদের টোটকা অনুব্রতর

দুবরাজপুর বিধানসভা পুনরুদ্ধারে রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতা-কর্মীদের বিশেষ টোটকা দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

দুবরাজপুর বিধানসভা পুনরুদ্ধারে নেতা-কর্মীদের টোটকা অনুব্রতর
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুর বিধানসভা পুনরুদ্ধারে রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতা-কর্মীদের বিশেষ টোটকা দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকেলে দুবরাজপুরের রবীন্দ্র সদনে দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মিসভা হয়। দলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছাব্বিশের ভোটে লিড দেওয়ার জন্য ব্লক সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি ও অন্যান্যদের দলের শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে লিড বাড়ানো সম্ভব তাও এদিনের বৈঠকে বাতলে দেওয়া হয়েছে। বালিজুড়ি ও হেতমপুর পঞ্চায়েতে একজন করে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বালিজুড়ি পঞ্চায়েত দেখবেন দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে ও হেতমপুর দেখবেন জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এছাড়াও জনসংযোগ বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি দলীয় কর্মসূচিতে আরও জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, এটা রুটিন বৈঠক ছিল। দলের আলোচনা হয়েছে। দিলীপ ঘোষের বিয়ের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, শুভেচ্ছা জানাই। নিমন্ত্রণ করলে যেতাম। দিলীপদা খুব ভালো লোক। 
গত বিধানসভা নির্বাচনে জেলার ১০টি আসনে তৃণমূল জয় পেলেও একমাত্র দুবরাজপুর হাতছাড়া হয়েছিল। প্রায় ২৮০০ ভোটের ব্যবধানে ওই আসনে বিজেপি জয়লাভ করে। আগামী বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধারে করতে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। শাসক শিবিরের দাবি, একুশের বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত ও লোকসভায় তৃণমূল বিজেপির তুলনায় প্রাপ্ত ভোটের ব্যবধান অনেকটাই বাড়িয়েছে। ছাব্বিশের নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকবে। ঘর গোছাতে রণকৌশল তৈরি হচ্ছে। দলের কর্মীদের ভ্রাতৃত্ব বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোর কমিটির আহ্বায়ক বলেন, দুবরাজপুর আসনটি পুনরুদ্ধার করা আমাদের লক্ষ্য। একুশের নির্বাচন পরবর্তী দু’টি ভোটে বিজেপির থেকে মার্জিন অনেকটা বেড়ছে। আগামী নির্বাচনে জেলার অন্যান্য আসনের পাশাপাশি ওই আসনেও আমাদের জয় নিশ্চিত। সকলকে ভোটার তালিকা নিয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ