নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। শুক্রবার সকালে ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেন। রাজ্য সরকারি অফিসে এদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তৃণমূলে যোগ দিয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন। বর্তমান সরকারের আমলেও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন রেজ্জাক। ২০১১ সালে বাম সরকারের পতনের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্দেশে তাঁর ‘হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়’ উক্তি রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল। নিজেকে ‘চাষার ব্যাটা’ পরিচয় দিতেই স্বচ্ছন্দ বোধ করতেন তিনি। এদিন, রেজ্জাক সাহেবের মৃত্যুর খবর পেয়ে প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, তুষার ঘোষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা প্রমুখ তাঁর বাড়িতে যান। কান্তিবাবু বলেন, ‘রেজ্জাক আমার থেকে দু’বছরের ছোট। ওর প্রয়াণে মনটা খুব ভারাক্রান্ত। মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক কোনওদিন খারাপ হয়নি।’