Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গভীর রাতে ফ্ল্যাটে হুল্লোড়, প্রতিবাদী প্রৌঢ়কে বেদম প্রহার, ফাটল মাথাও!

ভোর ৩টের সময় ফ্ল্যাটের মধ্যে চলছিল তারস্বরে গান-বাজনা, হই হুল্লোড়। অতিষ্ঠ হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই বেলেল্লাপনা বন্ধ করার জন্য প্রতিবাদ করেছিলেন এক প্রৌঢ়।

গভীর রাতে ফ্ল্যাটে হুল্লোড়, প্রতিবাদী  প্রৌঢ়কে বেদম প্রহার, ফাটল মাথাও!
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোর ৩টের সময় ফ্ল্যাটের মধ্যে চলছিল তারস্বরে গান-বাজনা, হই হুল্লোড়। অতিষ্ঠ হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই বেলেল্লাপনা বন্ধ করার জন্য প্রতিবাদ করেছিলেন এক প্রৌঢ়। ব্যস, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ফ্ল্যাটের মধ্যে থাকা তরুণ-তরুণীরা। বাইরে বেরিয়ে এসে ওই প্রৌঢ়কে এলোপাথাড়ি মারধর করে তারা। মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির। রবিবার ভোররাতে এমনই তাণ্ডবের সাক্ষী থাকল নিউটাউনের ইকোপার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে যাত্রাগাছি পশ্চিমপাড়া। জখম প্রতিবেশীর নাম শওকত আলি মোল্লা। পুলিশ জানিয়েছে, হামলার জেরে তাঁর মাথায় ছয়টি সেলাই পড়েছে। তবে, এই ঘটনায় ওই ফ্ল্যাটের চার তরুণীসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রাগাছি পশ্চিমপাড়ায় একটি অ্যাপার্টমেন্টে ধৃতরা পেয়িং গেস্ট হিসেবে ছিল। অভিযোগ, জনবহুল এলাকায় ওই আবাসন। শনিবার রাত থেকেই এই তরুণ-তরুণীরা পার্টি শুরু করেছিল। তবে, রাত বাড়তেই তাদের হুল্লোড়ও বাড়তে থাকে। ভোর ৩টে নাগাদ হুল্লোড় আরো বাড়ে। ওই আবাসনের পাশেই শওকত আলি মোল্লার বাড়ি। তাঁর স্ত্রী অসুস্থ। তিনি বাইরে বেরিয়ে প্রতিবাদ করতেই মত্ত তরুণ-তরুণীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাঁর উপর চড়াও হয় তারা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথা দিয়ে গলগল করতে রক্ত বেরোতে থাকে। শওকত সাহেবকে বাঁচাতে অন্যান্য প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। হামলাকারীদের ঘিরে তাঁরা বিক্ষোভও দেখান। খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ ওই সাতজনকে আটক করে। অভিযোগের ভিত্তিতে তাঁদের সাতজনকেই গ্রেপ্তারও করা হয়।
শওকত আলি মোল্লার ছেলে মিজানুর ইসলাম ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর মা গুরুতর অসুস্থ এবং শয্যাশায়ী। বাবা উচ্চস্বরে গান-বাজনা বন্ধ করার অনুরোধ করতে গিয়েছিলেন। অমনি রড, ইট, পাথর প্রভৃতি দিয়ে তাঁকে মারধর করা হয়। বাবার মাথায় ছয়টি সেলাই পড়েছে! পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ