Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত, গ্রেপ্তার ২

মোটা টাকার বিনিময়ে অজয়ের চর বিক্রি করে দেওয়া হচ্ছে মাটি মাফিয়াদের কাছে

মঙ্গলকোটে  মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত, গ্রেপ্তার ২
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের সাগিরা, কুরগ্রাম, মঙ্গলচণ্ডী এলাকায় নদী পাড়ে বড় বড় টানেল তৈরি করে জেসিবি দিয়ে মাটি কেটে পাচার করা হচ্ছিল। মোটা টাকার বিনিময়ে অজয়ের চর বিক্রি করে দেওয়া হচ্ছে মাটি মাফিয়াদের কাছে। এবার ন’পাড়া গ্রামের কাছে খাস জমি থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল। পুলিস দু’জন ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে মাটি ভর্তি দুটি ট্রাক্টর। পুলিস জানিয়েছে ধৃতদের নাম সেন্টু শেখ ও সাগর শেখ। তাদের বাড়ি মঙ্গলকোটের গোতিষ্ঠা এলাকায়। শনিবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিন জেল হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’পাড়া গ্রামে খাস জমি থেকে মাটি কেটে ট্রাক্টরে পাচার চলছিল। জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল।  পুলিস দু’টি ট্রাক্টর আটকে দু’জন চালককে গ্রেপ্তার করে। মোটা টাকায় ওই মাটি বিক্রি করা চলছিল বলে পুলিস জানিয়েছে। কারা ওই মাটি কাটছিল জানতে মঙ্গলকোট থানার পুলিস তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, মঙ্গলকোটের সাগিরা ও কুরগ্রাম মৌজায় অজয় নদের পাড় কাটা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, জেসিবি দিয়ে যেভাবে মাটি কাটা হয়েছে তাতে নদরে জল বাড়লেই গতিপথ পরিবর্তন হয়ে যাবে। নদী থেকে টানেল তৈরি করে মাটি লুট করা হচ্ছে। কোথাও আবার বড় দিঘির মতো গর্ত করে মাটি কাটা হয়েছে। মাটি বোঝাই ট্রাক্টর যাতায়াতের ফলে গ্রামের রাস্তা ঘাট বেহাল হয়ে পড়েছে। পাড়ের মাটি কাটায় আগামী বর্ষায় অজয় ছাপিয়ে গেলে কয়েকটি গ্রামের আর অস্তিত্বই থাকবে না। পুলিস ও প্রশাসন সব জেনেও নিশ্চুপ হয়ে রয়েছে। নদের পাড়ের মাটি লুটের ঘটনায় সেচদপ্তরের কর্তারা উদ্বিগ্ন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছে। কিন্তু, তারপরেও বেআইনি মাটি কারবার বন্ধ হয়নি। গত ২০০০ সালে বন্যায় অজয় গতিপথ বদলেছিল। তখন এলাকার বহু মানুষের জমি জমা বসতভিটে নদীগর্ভে চলে যায়। এখন সেসব জমিতে চর পড়েছে। এক শ্রেণির মানুষ সেই চর থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এমনই অভিযোগ সেচদপ্তরের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ