Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতকে টপকে ফের শীর্ষে কোহলি

‘দের আয়ে দুরস্ত আয়ে’। বিরাট কোহলির জন্য এই প্রবাদ যথপোযোগ্য। পাঁচবছর পর ফের ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে তিনি। পিছনে ফেললেন রোহিত শর্মাকে।

রোহিতকে টপকে ফের শীর্ষে কোহলি
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ‘দের আয়ে দুরস্ত আয়ে’। বিরাট কোহলির জন্য এই প্রবাদ যথপোযোগ্য। পাঁচবছর পর ফের ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে তিনি। পিছনে ফেললেন রোহিত শর্মাকে। ২০২১ সালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল মগডালে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কোহলি আর সিংহাসন পুনরুদ্ধার করতে পারেননি। অবশেষে বৃত্ত পূর্ণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত ৯৩ হাঁকিয়েছিলেন ভিকে। সেটাই তাঁকে সাহায্য করল সিংহাসন পুনরুদ্ধারে।

Advertisement

২০১৩ সালে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন বিরাট। চড়াই-উতরাইয়ের কেরিয়ারে ঘুরিয়ে ফিরিয়ে ১১বার এক নম্বরে থেকেছেন তিনি। মোট ৮২৫ দিন সিংহাসন দখলে রাখার নজিরও রয়েছে ভিকের। পরিসংখ্যান বলছে, ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই প্রথম, আর বিশ্বের নিরিখে দশম।
টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কোহলি এখন শুধু দেশের হয়ে ওয়ান ডে খেলেন। দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে শুরু হয়েছে সুহানা সফর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া শতরান সহ তিনি হয়েছিলেন সিরিজের সেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই’তে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। ৩৭ বছর বয়সেও রানের খিদে বিন্দুমাত্র কমেনি কোহলির। পাঁচ বছর পর র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারেই তা প্রতিফলিত। যেভাবে তিনি পারফর্ম করছেন, তাতে বেশ কিছুদিন তাঁর দখলেই থাকবে সিংহাসন। ভিকে’র ঝুলিতে ৭৮৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ড্যারিল মিচেল। আর রোহিতের ঝুলিতে ৭৭৫ পয়েন্ট। অনেকটাই পিছিয়ে পড়েছেন হিটম্যান। সেরা দশে রয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটার শুভমান গিল (পঞ্চম) ও শ্রেয়স আয়ার (দশম)।

Advertisement
সম্পর্কিত সংবাদ