Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতের সঙ্গে একই নেটে প্র্যাকটিস কোহলির

একটা সময় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে অনেক গালগপ্প শোনা যেত। অধিনায়ক থাকাকালীন রোহিত শর্মা সেই ভুল ভেঙে দিয়েছিলেন।

রোহিতের সঙ্গে একই নেটে প্র্যাকটিস কোহলির
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: একটা সময় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে অনেক গালগপ্প শোনা যেত। অধিনায়ক থাকাকালীন রোহিত শর্মা সেই ভুল ভেঙে দিয়েছিলেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর ‘দোস্তি’ প্রকাশ পেয়েছে বার বার, মাঠে কিংবা মাঠের বাইরে। তা আজও অটুট। সেই ছবিই ধরা পড়ল বৃহস্পতিবার রাঁচির স্টেডিয়ামে। একসঙ্গে দুই মহাতারকাকে অনুশীলন করতে দেখা গেল।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার প্রথম একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। রোহিত, কোহলির পাশাপাশি তিলক ভার্মাকেও দেখা গেল অনুশীলনে। বাকি ক্রিকেটাররা বৃহস্পতিবারই চেক-ইন করেছেন টিম হোটেলে। শুক্রবার সন্ধ্যায় রয়েছে প্র্যাকটিস। আপাতত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। একদিনের সিরিজে প্রোটিয়াদের হারিয়ে ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ। তার জন্য তলানিতে ঠেকা মনোবল বাড়িয়ে তোলাও জরুরি। দলের দুই সিনিয়র ক্রিকেটার হিসেবে রোহিত-কোহলির ভূমিকাও হবে গুরুত্বপূর্ণ। তাঁরা বার বার এরকম কঠিন সময় পেরিয়ে সাফল্যের শিখর স্পর্শ করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, কোচ গম্ভীর হয়তো এবার ভুল বুঝতে পেরে কোহলি-রোহিতকে প্রাপ্য সম্মান দেবেন।
টি-২০ বিশ্বকাপ জেতার পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রো-কো জুটি। তারপর টেস্ট ক্রিকেটকে আলবিদা। আপাতত ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে তাঁরা ৫০-৫০ ওভারের ফরম্যাটে খেলছেন। অস্ট্রেলিয়া সফরের আগে প্রবল চাপ ছিল তাঁদের উপর। তা উপেক্ষা করেই রোহিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সিডনিতে। তার আগের ম্যাচে অ্যাডিলেডে করেছিলেন ৭৩। কোহলিও ছন্দে ফেরার ইঙ্গিত দেন সিডনিতে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে। ঘরের মাঠে তাই প্রোটিয়া বধে ভারতের সেরা দুই অস্ত্র তাঁরাই। কারণ, চোটের কারণে গিল নেই। তাঁর পরিবর্তে লোকেশ রাহুল নেতৃত্ব দেবেন। ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজাদের মানসিক অবস্থাও ভালো নয়। তার উপর নেই বুমরাহ, সিরাজের মতো পেসার। ছন্নছাড়া ভারতীয় শিবিরের পক্ষে প্রথম ম্যাচ জেতা খুবই দরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ