বিশাখাপত্তনম: ভিনি, ভিডি, ভিসি...! এলাম, দেখলাম, জয় করলাম...। বিরাট কোহলি সম্পর্কে এই তিনটি শব্দই উপযুক্ত। টি-২০ এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন তিনি পাকাপাকিভাবে থাকেন বিলেতে অর্থাৎ লন্ডনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডি সিরিজ খেলতে তাঁর ভারতে আসা। তবে শুধু তো পরিযায়ী পাখির মতো তিনি এলেন না, মন জিতলেন আপামর ক্রিকেট জনতার। তিন ম্যাচে ৩০২ রান। গড় ১৫১। দু’টি সেঞ্চুরির পাশাপাশি একটি হাফ-সেঞ্চুরিও উপহার দিয়েছেন। বিরাটের দুরন্ত ফর্মে ম্লান দক্ষিণ আফ্রিকা। সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। টেস্টে চুনকাম হওয়ার লজ্জা কিছুটা হলেও লাঘব হয়েছে গৌতম গম্ভীরের দলের।
আপাতত ভারতের কোনও ওয়ান ডে সিরিজ নেই। পরের জানুয়ারিতে আসছে নিউজিল্যান্ড। বরোদায় ফের ব্যাট হাতে দেখা যাবে কোহলিকে। তার আগে ৩৫ দিনের ছুটি। রবিবার রাতেই বিলেতের বিমান ধরলেন ভেকে। তার আগে তিনি স্থানীয় শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দিরে পুজো দিলেন ওয়াশিংটন সুন্দরের সঙ্গে। মন্দিরের রীতি মেনে পবিত্র স্তম্ভকে জড়িয়ে ধরেন কোহলি। পরে মাটিতে বসে রীতিও পালন করেন পুরোহিতদের সঙ্গে মন্ত্রোচ্চারণে। কোহলি এখন অনেকটাই চাপমুক্ত। এই সিরিজ তাঁকে দিল নতুন স্বপ্ন দেখার সঞ্জীবনী সুধা। বড় কোনও অঘটন না ঘটলে ২০২৭ বিশ্বকাপে তাঁর খেলা একপ্রকার নিশ্চিত।
একদিনের সিরিজ দখলের পর ভারতের সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। মঙ্গলবার শুরু টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ কটকের বরাবাটি স্টেডিয়ামে। ওয়ান ডে দলের অনেকেই খেলবেন। কিন্তু তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাবেন না। সোমবার রয়েছে টিম ইন্ডিয়ার চূড়ান্ত মহড়া। তার আগে অবশ্য মাঠে নেমে পড়লেন হার্দিক পান্ডিয়া। রবিবার ফ্লাড লাইটের আলোয় বরাবাটি স্টেডিয়ামে প্র্যাকটিস করেন তারকা অলরাউন্ডার। চোট সারিয়ে ফিরছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করেছেন। তবে আন্তর্জাতিক মঞ্চ সব সময় কঠিন। তাই আগেই ব্যক্তিগতভাবে প্রস্তুতিতে নেমে পড়লেন হার্দিক। নজর থাকবে শুভমান গিলের উপরও। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় ঘাড়ে টান ধরেছিল পাঞ্জাব কা পুত্তরের। তবে তিনি এখন সুস্থ। সহ-অধিনায়ক হিসেবে গিল ফিরছেন এই সিরিজে।