Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুতে কিং কোহলি

ধূসর প্যান্টের সঙ্গে মানানসই নীল টি-শার্ট। মাথায় কালো টুপি। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিরাট কোহলি বেরোতেই উচ্ছ্বাসের ঢেউ তুললেন আরসিবি সমর্থকরা।

বেঙ্গালুরুতে কিং কোহলি
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ধূসর প্যান্টের সঙ্গে মানানসই নীল টি-শার্ট। মাথায় কালো টুপি। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিরাট কোহলি বেরোতেই উচ্ছ্বাসের ঢেউ তুললেন আরসিবি সমর্থকরা। প্রিয় তারকাকে এক পলক দেখার ব্যাকুলতা, একটা নিজস্বীর আবদার— রীতিমতো পাগল ভক্তরা। প্রথম ইচ্ছা পূর্ণ হলেও পরেরটা না পাওয়াই থেকেছে। সেলফির জন্য আপ্রাণ চেষ্টা করেও প্রিয় তারকার কাছে পৌঁছাতে ব্যর্থ তাঁরা। আসলে ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘে ভয় পায়, বেঙ্গালুরুর প্রশাসনকেও এদিন তেমনই লেগেছে। গতবছর আরসিবি’র বিজয়োৎসবে হুড়োহুড়িতে ১১ জনের মৃত্যুর আতঙ্ক এখনও দগদগে। তাই বুধবার সাতসকালে কিং কোহলির আগমনবার্তা পাওয়া মাত্র কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দর চত্বরকে। অনুরাগীদের ঘেঁষতে দেওয়া হয়নি মহাতারকার ধারেপাশে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়িতে উঠে সোজা টিম হোটেলে পৌঁছে যান কোহলি। ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, ‘১৮ বছর পরও কিছু বদলায়নি। বেঙ্গালুরুর ডাকে ঘরে ফিরেছেন রাজা।’

Advertisement

গত মরশুমে অধরা মাধুরী লাভ হয়েছে। তাই এবার কোহলির কাছে চ্যালেঞ্জ ভিন্ন। আরা সেটা অবশ্যই খেতাব ধরে রাখা। গতবার কাপ জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন ‘রান মেশিন’। ৫৪.৭৫ গড়ে ১৪৪.৭১ স্ট্রাইক রেটে মোট ৬৫৭ রান করেছিলেন ভিকে। হাঁকিয়ে ছিলেন ৮টি অর্ধশতরান। সেই ফর্ম এবারও ধরে রাখতে প্রস্তুত প্রাক্তন অধিনায়ক। তাছাড়া কোহলির সাম্প্রতিক ফর্মও দুরন্ত। এখন দেশের জার্সিতে কেবলমাত্র ওডিআই ফরম্যাটে খেলেন তিনি। তাই ওয়ার্কলোডের সমস্যা নেই। চাপমুক্তভাবে শেষ পাঁচ ইনিংসের মধ্যে দু’টি শতরান হাঁকিয়েছেন। আইপিএলেও সেই ছন্দ ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি। গতবারের চ্যাম্পিয়ন স্কোয়াড তো রয়েইছে। পাশাপাশি এবার নিলামে ভেঙ্কটেশ আয়ার, জেকব ডাফির মতো ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়নদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ